বাঁধ নির্মাণে আর দুর্নীতি হবে না: পানিসম্পদমন্ত্রী

আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২২:৫৭
 
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন,‘বাঁধ নির্মাণে আর দুর্নীতি হবে না। ঠিকাদারী প্রথাও থাকছে না। জমির মালিকদের দিয়ে পিআইসি গঠন করা হবে। পর্যাপ্ত বরাদ্দও থাকবে। 
 
বৃহস্পতিবার সুনামগঞ্জের শনির হাওর, সোনামোড়ল হাওর, হালির হাওর ও জোয়ালভাঙা হাওরের ডুবন্ত বাঁধ ও ক্লোজার পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
 
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষা করতে বৃহত্তর সিলেটজুড়ে ব্যয়বহুল নদী খনন কাজ হাতে নেওয়া হয়েছে। বিভাগের প্রধান নদী সুরমা, কুশিয়ারা, খোয়াইসহ প্রধান প্রধান নদীগুলো খনন করা হবে। সুনামগঞ্জের যাদুকাটা, রক্তি, পুরাতন সুরমা, বৌলাই নদী খননের কাজ চলছে। হাওরগুলো যাতে অকাল বন্যার কবলে না পড়ে সেজন্যই নদী খননের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’ 
 
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুল রহমান মিসবাহ, বালাগঞ্জ-বিশ্বনাথ আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন, জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি