গাজীপুরে শিক্ষার্থীকে কুপিয়ে জখম, ছাত্রাবাস বন্ধ ঘোষণা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২২:৩৪
গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শহীদ তাজউদ্দীন আহমদ ছাত্রবাসে দুপুরের খাবার আগে নেয়াকে কেন্দ্র করে দুজন ছাত্রের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির জেরে একজন ছাত্রকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। 
 
আহত ছাত্রের নাম মো. আসাদুজ্জামান (২৪)। তিনি ওই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ওই ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। বুধবার রাত সাড়ে ৭টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন। 
 
কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বুধবার বিকেল তিনটার দিকে ওই কলেজের শহীদ তাজউদ্দীন আহমদ ছাত্রাবাসের ডাইনিং রুমে আগে খাবার নেয়াকে কেন্দ্র করে আসাদুজ্জামানের সঙ্গে একই কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ওই ছাত্রবাসের নিবাসী ফেরদৌসের প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। খবর পেয়ে কলেজের উপাধ্যক্ষ মো. নূরুজ্জামান খান ও ছাত্রাবাস সুপার কাউসার আলম ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিটমাট করে দেন। তারা ঘটনাস্থল থেকে ফেরার পর পরই ছাত্রাবাসের সামনে আসাদুজ্জামানকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
 
কলেজের অধ্যক্ষ প্রফেসর জেরিনা সুলতানা জানান এক ছাত্র গুরুতর আহত হওয়ার ঘটনায় শহীদ তাজউদ্দীন আহমদ ছাত্রবাসটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বুধবার রাত সাড়ে সাতটার মধ্যে ছাত্রদের ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।
 
জয়দেবপুর থানার এসআই হুমায়ূন কবির-১ জানান, খাবার নেয়াকে কেন্দ্র করে দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। এতে এক ছাত্র গুরুতর আহত হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি