সমস্ত মূল্যবান সামগ্রী লুট করে যাওয়ার সময় খুব কাছ থেকে চোখে গুলি চালিয়ে ছিল ডাকাত। নিশ্চিত মৃত্যু সামনে রেখেন উত্তরপ্রদেশের প্রতাপগড়ের নানা হাসপাতালের দরজায় দরজায় ঘুরেছেন তানবীর আহমেদ আনসারি, কিন্তু ভর্তি নেওয়া হয়নি।
অবশেষে চোখে আটকে থাকা সেই বুলেট তার নাক দিয়ে বের করেছেন মুম্বাইয়ের জে জে হাসপাতালে চিকিত্সতকরা।
পেশায় সেলসম্যান তানবীর-কে গত ৬ ডিসেম্বর বাড়ির খুব কাছেই গুলি করে পালায় হামলাকারী। স্থানীয় হাসপাতালে কাজ হবে না মনে করেই তাকে মুম্বাইয়ে নিয়ে আসেন তার এক আত্মীয়। সেখানে জে জে হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান শ্রীনিবাস চৌহান তাঁকে ভর্তি করে নেন। ২৮ বছরের তনবীরের বাঁ চোখে তখন আটকে থাকা বুলেটের বিষক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চোখ থেকে ক্রমাগত রক্তপাত হচ্ছে। সেই অবস্থায় ওপেন সার্জারি না করে এন্ডোস্কোপিকাল সার্জারির পথে হাঁটেন তিনি।
ডা. শ্রীনিবাস বলেন, ‘ওপেন করলে মুখে একটা বিশ্রী দাগ থেকে যেত। তাই মেডিক্যাল বোর্ড বসিয়ে এটা ঠিক করা হয় যে এন্ডোস্কোপিকাল সার্জারি করব। যাতে নাক থেকে আটকে থাকা বুলেট বার করা যায়।’ তবে তিনি কথা দিতে পারেননি তানবীর বাম চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবেন কিনা। আপাতত জীবনহানির আশঙ্কা নেই তাঁর। নোমান জানিয়েছেন, পুলিশে অভিযোগ করা হলেও এখনও কেউ এই ঘটনায় গ্রেপ্তার হয়নি। বুলেটটি ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের কাছে পাঠানো হয়েছে। এই সময়।
ইত্তেফাক/সাব্বির
