খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক সুধাংশু

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৬:৪০
 
খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার ফারুক আহমেদ সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের খুলনা প্রতিনিধি মল্লিক সুধাংশু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 
 
শনিবার দুপুর ২টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রেসক্লাব ভবনে নির্বাচন সম্পন্ন হয়। 
 
সভাপতি পদে ফারুক আহমেদ ৫৬ ভোট পেয়েছেন। তার নিকটতম স্থানীয় দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার পেয়েছেন ৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের খুলনা প্রতিনিধি মল্লিক সুধাংশু পেয়েছেন ৪৭ ভোট। তার নিকটতম ৭১ টেলিভিশনের খুলনা প্রতিনিধি রকিব উদ্দিন পান্নু পেয়েছেন ৩১ ভোট। কোষাধ্যক্ষ পদে ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেন ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম দৈনিক বণিক বার্তার প্রতিনিধি কাজী শামীম আহমেদ ৪৭ ভোট। 
 
এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন ৬৩ ভোট, ঢাকা কোটায় সদস্য পদে বাংলাদেশ প্রতিদিনের শামসুজ্জামান শাহীন ৭৩ ভোট, কালেরকণ্ঠের কৌশিক দে ৫২ ভোট এবং সোহেল মাহমুদ ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 
 
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে অরুণ সাহা (পূর্বাঞ্চল), কাজী মোতাহার রহমান (আলোকিত বাংলাদেশ), যুগ্ম সম্পাদক আলমগীর হান্নান (মানবকণ্ঠ), সহ-সম্পাদক মো. আনিস উদ্দীন (জন্মভূমি), এমএ হাসান (পূর্বাঞ্চল), কামরুল আহসান (খুলনাঞ্চল), খুলনা কোঠায় সদস্য পদে মো. সোহরাব হোসেন (জন্মভূমি), হাসান আহমেদ মোল্লা (আমাদের খুলনা), সায়েদুজ্জামান সম্রাট (পূর্বাঞ্চল), অধ্যাপক আলী আহমেদ (অণির্বান), এসএম নজরুল ইসলাম (আজকের তথ্য) ও এসএম শাহিদ হোসেন (দক্ষিণাঞ্চল প্রতিদিন)। 
 
নির্বাচনে মোট ১১২ জন ভোটারের মধ্যে ১০৮জন ভোটাধিকার প্রয়োগ করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. ইউনুচ আলী ও জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ম. জাবেদ ইকবাল সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।
 
ইত্তেফাক/ইউবি