বেতাগীবাসীর প্রাণের দাবি বিষখালী নদীর ওপর একটি ব্রিজ। পটুয়াখালী-খুলনা মহাসড়কে বিষখালী নদীর ওপর দীর্ঘদিন ধরে নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্থানীয় মানুষ! তাই তাদের দাবি ছিল একটি ফেরির। স্থানীয় মানুষের দাবি পূরণে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বেতাগী-কচুয়ায় ফেরি স্থাপনের। কিন্তু স্থানীয় মানুষের সে দাবিটি সময় ও যুগের চাহিদায় আজ ব্রিজ নির্মানের দাবিতে পরিনত হয়েছে।
মহান জাতীয় সংসদের চলতি অধিবেশনে ব্রিজ নির্মানের এই দাবিটি জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন গুরুত্বের সাথে সংসদে দাবিটি তোলেন। এ সময় তিনি যোগাযোগ ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নিকট দ্রুত ব্রিজ নির্মানের দাবি জানান।
ফেরি ও ব্রিজের অভাবে বর্তমানে কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বিষখালী নদীর খেয়া পারাপার হচ্ছে। যুগের পর যুগ ধরে প্রতিনিয়ত তাদের এ চরম ভোগান্তির শিকার হয়ে আসতে হচ্ছে। সবচেয়ে দূর্ভোগে পরতে হচ্ছে নারী, শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের।
আওয়ামী লীগের স্থানীয় রাজনৈতিক আব্দুস সোবাহান অভিযোগ করেন, আজকাল 'দাবি পূরন হচ্ছে' এমন কথা বলেই সময় পার করা হচ্ছে। ব্রিজ নির্মাণ তো দূরের কথা ফেরি স্থাপনেরও কোন হদীস নেই।
একই দাবিতে এর আগে বেতাগী প্রেস ক্লাবের উদ্যোগে মানব বন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হয়। যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনে দাবি বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করা হয়।
বেতাগী শহর সংলগ্ন বিষখালীর নদী তীরবর্তী বেতাগী-কচুয়া এলাকায় মানববন্ধন শেষে প্রেস ক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনুর সভাপতিত্বে এ সময় দাবীর সমর্থনে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এবিএম গোলাম কবির, বরগুনা প্রেস ক্লাবের তৎকালীন সভাপতি হাসানুর রহমান ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি গাজী নফিছুর রহমান চুন্নু, বেতাগী ডিগ্রি কলেজের তৎকালীন অধ্যক্ষ এ. জেড. এম. বদরুদ্দোজা জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস ছোবাহান, পৌর আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার, পৌর কাউন্সিলর হাদিছুর রহমান পান্না, বিষখালীর সম্পাদক আব্দুস সালাম সিদ্দিকী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু, কাল্ব’র তৎকালীন সভাপতি মো. খায়রুল ইসলাম বিশ্বাস সহ বিভিন্ন নের্তৃবৃন্দ।
এদিকে মহান জাতীয় সংসদে ব্রীজ নির্মানের এই দাবিটি জোরালোভাবে উত্থাপন করায় সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমনকে বেতাগী উপজেলার মানুষ ধন্যবাদ জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু
