মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, আগামী বছরের শেষ নাগাদ মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করা হবে। গতকাল সোমবার ইসরাইলি পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি এই কথা বলেন। এদিকে জেরুজালেম প্রশ্নে ফিলিস্তিনকে সমর্থন দেবে ইউরোপীয় ইউনিয়ন। খবর রয়টার্স ও সিএনএনের
মাইক পেন্স জোর দিয়ে বলেন, জেরুজালেমই ইসরাইলের রাজধানী। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে বলেন, প্রেসিডেন্ট জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়ে সঠিক কাজটিই করেছেন। এর মাধ্যমে তিনি আমেরিকা এবং ইসরাইলের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করেছেন যা আগে কখনো ছিল না।
পেন্স ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বলেন, আমি এখানে এসেছি আমেরিকানদের হূদয়ের কথা বলতে যে তারা ইসরাইলের সঙ্গেই আছে। পেন্স আরো বলেন, আমরা ইসরাইলের পাশে আছি এজন্য যে আমাদের মূল্যবোধ এবং লড়াই একই। জেরুজালেমেক ট্রাম্পের ইসরাইলের রাজধানী ঘোষণা দেওয়ার পর এই প্রথম কোনো মার্কিন শীর্ষ কর্মকর্তা ইসরাইল সফর করলেন।
গতকাল বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মঘারিনির সঙ্গে বৈঠক করেন ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস। তাকে আশ্বস্ত করে মঘারিনি বলেন, ইইউ পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে।
ইত্তেফাক/আনিসুর
