ভারতের জম্মু-কাশ্মীরে ঘাঁটি গেড়েছে তথাকথিত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস), অবশেষে তা স্বীকার করলেন সীমান্তবর্তী রাজ্যটির পুলিশ প্রধান এসপি বৈদ। এর আগে, জম্মু-কাশ্মীরে আইএসের ঘাঁটির কথা রাজ্য ও কেন্দ্রীয় সরকার উভয়ই অস্বীকার করেছে।
শনিবার ফারুক আহমেদ নামে এক পুলিশকর্মী নিহত হন উপত্যকায়। তার এক দিন পর সোমবার আইএসের মুখপত্র ‘আমাক’ জানায়, তাদের হানাতেই নিহত হয়েছেন ওই পুলিশকর্মী। এও বলা হয়, ‘যুদ্ধটা সবে শুরু হয়েছে।’ এর পর, মঙ্গলবার রাজ্য পুলিশের প্রধান বৈদও কবুল করলেন জম্মু-কাশ্মীরে ঘাঁটি গেড়েছে আইএস। বৈদ বলেছেন, ‘সংখ্যায় খুব বেশি না হলেও জম্মু-কাশ্মীরের মতো একটি রাজ্যে আইএসের ঘাঁটি গাড়ার ঘটনাটা খুবই উদ্বেগজনক। তার অন্য একটি অর্থও হয়।’
মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান বলেন, ‘এখন আমরা নিশ্চিত কাশ্মীরে সময়ে সময়ে জঙ্গি হামলায় আইএস জড়িত ছিল। তখন আমরা সেটা জানতে পারিনি। আমাদের ভুল হয়েছিল। তবে আমরা কিছুতেই কাশ্মীরকে ইরাক বা সিরিয়া হতে দেব না।’
ইত্তেফাক/সেতু
