সিরাজগঞ্জের এনায়েতপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করেছে স্বামী জাহাঙ্গীর হোসেন।
গুরুতর আহত অবস্থায় সোনিয়া খাতুনকে (২৪) এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গোপালপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী এবং থানার রুপনাই গ্রামের আব্দুল খালেকের মেয়ে। তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছে।
সোনিয়ার খালা মোমেনা খাতুন জানান, এনায়েতপুর থানার রুপনাই চড়কাদহ গ্রামের আব্দুল খালেকের মেয়ে সোনিয়ার সঙ্গে গোপালপুর বাজার সংলগ্ন জাহাঙ্গীর হোসেনের ৫ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীর হোসেন কৌশলে তার স্ত্রীকে এনায়েতপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার পাশের গলিতে এনে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তখন সোনিয়ার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার মুখ থেকে কোমর পর্যন্ত আগুনে জ্বলসে গেছে।
এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম জানান, এই ঘটনায় দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।
ইত্তেফাক/ইউবি
