প্রতিবেশীর ঘরের আসবাবপত্র সরাতে সহযোগিতা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন চিনু রাজবংশী (২৮) নামের এক গৃহবধূ। নিহত গৃহবধূ চিনু রাজবংশী ওই গ্রামের রবী রাজবংশীর স্ত্রী । এ ঘটনা আহত হয়েছে আরো দুইজন।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া গ্রামে।
নিহতের পারিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে প্রতিবেশী আব্দুল বারেকের বাড়ির একটি ঘরের আসবাবপত্র সরানোর জন্য পাশের বাড়ির গৃহবধূ চিনু রাজবংশী ডেকে আনা হয়। এ সময় বারেকের ছেলে জাহাঙ্গীর, পুত্রবধূ মাকসুদার সঙ্গে পাশের বাড়ির চিনু রাজবংশী ঘরের একটি সুকেজ সরাতে গেলে বিদ্যুতের তার তিনজনই জড়িয়ে পড়েন। পরে বাড়ির অন্য সদস্যরা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এতে জাহাঙ্গীর ও মাকসুদা রক্ষা পেলেও শেষ পর্যন্ত চিনু রাজবংশী এ ঘটনায় মারা যান। তাকে গুরুতর আহত অবস্থায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে নিহত গৃহবধূর স্বামী রবী রাজবংশীর অভিযোগ, দুর্ঘটনার পর ওই বাড়ির লোকজন তাদের নিজেদের দুইজনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তার স্ত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের এক কোণে পড়ে থাকলেও সে দিকে তাদের খেয়াল ছিল না। দ্রুত হাসপাতালে নেওয়া গেলে হয়তো তার স্ত্রীকে বাঁচানো যেতো বলে রবীর রাজবংশী জানান।
আরও পড়ুন: নাসিরাবাদে কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, ২ শ্রমিক নিহত
ঘিওর থানার ওসি রবিউল ইসলাম জানান, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/কেকে
