ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় এবার ঢুকে পড়েছে এক পাকিস্তানি কূটনীতিকের নাম। দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)’র দাবি, শ্রীলঙ্কায় কাজ করার সময় আমির জুবেইর সিদ্দিকি নামের ওই পাক কূটনীতিক ভারতের বিভিন্ন শহরে হামলার ছক করেছিলেন। তার নিশানায় ছিল সামরিক ছাউনি, পরমাণু কেন্দ্র, মার্কিন ও ইসরাইলের দূতাবাস।
ইতিমধ্যেই আমিরের নামে চার্জশিট জমা দিয়েছে এনআইএ। তদন্তকারীদের দাবি, ২০১৪ সালে কলম্বোয় পাক হাইকমিশনে ভিসা কাউন্সিলর পদে থাকার সময় ভারতে হামলার পরিকল্পনা করেছিলেন আমির জুবেইর সিদ্দিকি। জানা গেছে, চর সন্দেহে ২০১৩ সালে জাকির হুসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে তামিলনাড়ুর পুলিশ।
IMG0
জেরার মুখে জাকির জানিয়েছিলেন, আমিরের সঙ্গে তার যোগাযোগ ছিল। দু’জনের মধ্যে বেশ কয়েকবার দেখাও হয়েছিল। জাকিরের দাবি, তার কাছ থেকে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে খোঁজ নিতেন আমির। দুই পাক নাগরিক যাতে জাল নথিপত্র নিয়ে ভারতে ঢুকতে পারেন, তার ব্যবস্থা করার জন্য আমির তাকে নির্দেশ দিয়েছিলেন বলেও জাকির দাবি করছেন।
তদন্তে আরো জানা গেছে, চেন্নাইয়ে মার্কিন দূতাবাস, বেঙ্গালুরুর ইসরাইলি দূতাবাস, বিশাখাপত্তনমে ন্যাভাল কম্যান্ডের পূর্বাঞ্চলীয় শাখার সদর দফতরকে নিশানা করতে চেয়েছিলেন পাক কূটনীতিক আমির সিদ্দিকি। পাশাপাশি টার্গেট ছিল দেশের বেশ কয়েকটি পরমাণু কেন্দ্র। এনআইএ জানতে পেরেছে, রেকি করার জন্য চেন্নাই, মুম্বাই এবং কলকাতায় এসেছিলেন আমির। তবে কূটনীতিকের পাসপোর্ট নিয়ে নয়। তিনি এসেছিলেন সাধারণ পাসপোর্ট নিয়ে। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু
