যুক্তরাজ্যের অন্তর্গত উত্তর আয়ারল্যান্ডের লন্ডনবেরি শহরের আইরিশ অংশে দাঙ্গাকারীদের হাতে প্রাণ হারালেন এক সাংবাদিক। স্থানীয় পুলিশ এই হামলার জন্য আইরিশ জাতীয়বাদীদের দায়ী করেছে। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে দুই কিশোর। ডয়চে ভেলে, বিবিসি।
বৃহস্পতিবারের সংঘর্ষে নিহত ২৯ বছর বয়সি নারী সাংবাদিকের নাম লাইরা ম্যাককি। পুলিশের সঙ্গে আইরিশ রিপাবলিকানদের সংঘর্ষের সময় তিনি পুলিশ ভ্যানের পাশে দাঁড়িয়ে ছিলেন। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ছোড়া গুলি তার গায়ে লাগে।
লন্ডনবেরি শহরের পুলিশকর্তা মার্ক হ্যামিলটন এ বিষয়ে বলেন, ‘আমরা মনে করি, এটি একটি সন্ত্রাসী হামলা। এই ঘটনার পেছনে আইরিশ রিপাব্লিকান আর্মি নামের এক আইরিশ জাতীয়তাবাদী গোষ্ঠী রয়েছে।’
আইরিশ জাতীয়তাবাদী গোষ্ঠীদের বহুদিনের দাবি উত্তর আয়ারল্যান্ডকে যুক্তরাজ্য থেকে মুক্ত করে স্বাধীন দেশ প্রতিষ্ঠা করা। উল্টোদিকে রয়েছেন, ‘ইউনিয়নিস্ট' বা ঐক্যপন্থিরা, যারা এই বিভাজন চান না।
নব্বইয়ের দশক থেকেই ঐক্যপন্থি বনাম বিচ্ছিন্নতাপন্থি এই দ্বন্দ্বের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে এই লন্ডনবেরি।
বর্তমানে লন্ডনবেরি শহর ‘আইরিশ' ও ‘ইউনিয়নিস্ট' দুটি অংশে বিভক্ত৷ উল্লেখ্য, এই দুই গোষ্ঠীর মধ্যে এখন পর্যন্ত ঘটেছে বেশ কিছু সংঘর্ষ, যার অন্যতম গত বৃহস্পতিবারের এই ঘটনা।
আরও পড়ুনঃ মাদ্রাসার টাকা যেত প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের পকেটে
এর আগে জানুয়ারি মাসে লন্ডনবেরি শহরের আদালত চত্বরে একটি গাড়িবোমা বিস্ফোরিত করে এই গোষ্ঠী। লন্ডনবেরি শহরের যে অঞ্চলে এই ঘটনা ঘটে, সেই ক্রেগান অঞ্চল মূলত আইরিশ জাতীয়তাবাদীদের ঘাঁটি হিসেবে পরিচিত।
বর্তমানে ‘ব্রেক্সিট' নিয়ে আলোচনা তুঙ্গে ওঠায় নতুন করে ইন্ধন পাচ্ছে এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ।
ইত্তেফাক/টিএস
