মদের নেশায় জ্যান্ত মুরগি খেয়ে ফেললেন যুবক

আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ১৯:৪৩
পার্টিতে রান্নার জন্য আস্ত একটা মুরগি বাজার থেকে কিনে বাড়ি ফিরছিলেন দুই যুবক। কিন্তু সেই মুরগি আর চুলায় গেল না। তার আগেই জ্যান্ত থাকা অবস্থায় যুবকের পেটে গেল।
 
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার ভারতের তেলেঙ্গানা রাজ্যের মহাবুবাবাদ জেলায়। যুবকের জ্যান্ত মুরগি চিবিয়ে খাওয়ার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ওই দুই যুবক তেলেঙ্গানা রাজ্যের কেশামুদ্রাম এলাকার বাসিন্দা।
 
জানা গেছে, মঙ্গলবার রাতে একটি পার্টি করবে বলে ঠিক করেন দুই যুবক। আর সেই পার্টিতে রান্নার জন্য একটা মুরগিও বাজার থেকে কিনে বাড়ি ফিরছিলেন তারা। পথে মদের নেশায় ওই দুই যুবক টাল সামলাতে না পেরে স্থানীয় একটি রেল উড়ালপুলের কাছে রাস্তার ধারে জঙ্গলের ওপর শুয়ে পড়ে। ওই দুই যুবকের মধ্যে একজনের খিদে পাওয়ায় তিনি উঠে জ্যান্ত মুরগিকে মেরে তার পালক ছাড়িয়ে কাঁচা খেতে শুরু করে দেন। 
 
ঘটনার সময় পাশের রাস্তা দিয়ে পথচারীরা যাওয়ার সময় এই কাণ্ড দেখে তা মোবাইলে ধারণ করে। এরপরই গোটা ঘটনা সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে যায়।
 
স্থানীয় কেশামুদ্রাম থানা সূত্রে জানা গেছে, প্রাণীর ওপর নিষ্ঠুরতা এবং প্রকাশ্যে এই ধরনের অমানবিক আচরণের জন্য ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তবে পুলিশ এখনো তাকে খুঁজে পায়নি।
 
ইত্তেফাক/জেডএইচ