রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় চালক নিয়ন্ত্রন হারালে বাস ও ট্রাক উল্টে খাদের পানিতে পড়ে। এ সময় ট্রাকের চাপায় সাবানা বেগম (৪০) নামে এক নারী নিহত হন। দুই চালকসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জের চক সিংহডাঙ্গা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবানা বেগম চকসিংহডাঙ্গা গ্রামের আবদুস সালামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা কেওয়াই যাত্রীবাহী বাসটি বগুড়া যাচ্ছিলো। বাসটি মহাসড়কের চক সিংহডাঙ্গা এলাকায় পৌঁছুলে রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাবানা বেগম ট্রাকের চাপায় ঘটনাস্থলে মারা যান। এক পর্যায়ে দুই চালক নিয়ন্ত্রন হারালে সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায় বাস ও ট্রাকটি। এতে দুই চালকসহ বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সাভির্সের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
ইত্তেফাক/নূহু
