সৌদি আরবে মসজিদ আল-হারামের ইমাম গ্রেফতার

আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১৩:৫২
মসজিদ আল-হারামের এক ইমামকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। প্রকাশ্যে নারী-পুরুষের মেলামেশার সমালোচনা ও অনিষ্টের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা নিয়ে  ইসলামের দায়িত্ব বিষয়ে এক বক্তব্য দেওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়। 
 
সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাডভোকেসি সংস্থা ‘প্রিজনার্স অফ কনসায়েন্স’ জানিয়েছে, সৌদি ধর্ম প্রচারক ও ধর্মীয় নেতা শেখ সালেহ আল-তালিবকে রবিবার গ্রেফতার করা হয়। 
 
এদিকে, খালিজ অনলাইন জানিয়েছে, মক্কায় একজন বিচারকের দায়িত্ব পালন করতেন তালিব। তিনি কনসার্ট ও অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠানে নারী-পুরুষের অবাধ মেলামেশার বিরুদ্ধে বক্তব্য রাখেন। এরপরই তাকে আটক করা হয়। 
 
তাকে গ্রেফতারের বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ। তবে গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই তালিবের ইংরেজি ও আরবি-ভাষী টুইটার একাউন্ট দু’টি বন্ধ করে দেওয়া হয়। 
 
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে সমালোচক, মানবাধিকার কর্মীদের গ্রেফতার তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অনেক বন্দী কারাগারে নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেছেন বলেও অভিযোগ ওঠেছে। 
 
ইত্তেফাক/ জেআর