রৌমারীর উত্তর বাইটকামারী কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বাছেদের (৪২) লালসার শিকার হয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী ৫মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিয়ে ৩০ আগস্ট দৈনিক ইত্তেফাক পত্রিকায় 'হুজুরের ধর্ষণে অন্তঃসত্ত্বা চতুর্থ শ্রেণির ছাত্রী' শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল বাছেদ উত্তর বাইটকামারী গ্রামের মো. নিজামউদ্দিনের ছেলে।
শনিবার ভোরে এসআই তুহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম রংপুরে তারাগঞ্জ উপজেলার শেওড়া মসজিদের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে রৌমারী থানায় নিয়ে আসেন।এসআই তুহিন মিয়া জানান, তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, উত্তর বাইটকামারী গ্রামের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী কোরআন শরীফ শিক্ষা নেওয়ার জন্য সাড়ে ৫মাস আগে বাইটকামারী কওমি মাদ্রাসার ওই শিক্ষকের কাছে যায়। এ সুযোগে আব্দুল বাছেদ আল্লাহর গজবের ভয় দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন।
ছাত্রীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের লোকজন ২৯ আগস্ট রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, ওই ছাত্রী ৫মাসের অন্তঃসত্ত্বা।
ইত্তেফাক/আরকেজি
