ভারতে অবসরপ্রাপ্ত পুলিশকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৫
ভারতে অবসরপ্রাপ্ত এক পুলিশকে পিটিয়ে মেরেছে অজ্ঞাত তিন ব্যক্তি। ভারতের এলাহাবাদে ঘটে এ ঘটনা।
 
পুলিশ জানায়, গতকাল তিনজন ব্যক্তি ওই অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে লাঠি দিয়ে অনবরত পেটাতে থাকে। এক পর্যায়ে ওই বৃদ্ধ পুলিশ মাটিতে লুটিয়ে পড়েন। 
 
অবসরপ্রাপ্ত ওই বৃদ্ধ পুলিশ অফিসারের নাম আব্দুল সামাদ খান (৭০)। স্থানীয় পুলিশ রাস্তার সিসিটিভি থেকে ফুটেজ সংগ্রহ করেছে।
 
সিসিটিভির ফুটেজে দেখা যায়, ওই বৃদ্ধ পুলিশ সাইকেলে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হুট করে লাল শার্ট পড়া এক ব্যক্তি ওই পুলিশকে পেটানো শুরু করে। এর কিছুক্ষণ পর আরো দুইজন এসে তাতে যোগ দেয়। এক পর্যায়ে ওই ব্যক্তি অচেতন হয়ে পড়েন।  
 
ফুটেজে আরো দেখা যায়, একটু দূর থেকে ওই ঘটনা দেখছিলেন এক ব্যক্তি।
 
পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দায়িত্বরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
 
নিহত ওই পুলিশের ভাই বলেন, অনেকদিন ধরে কিছু লোক আমার ভাইকে জমি দখলের জন্য হুমকি দিয়ে আসছে। তারাই আমার ভাইকে হত্যা করেছে।
 
পুলিশ ইতিমধ্যে ওই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে দিয়েছে।
 
ইত্তেফাক/এস আর/নূহু