ইরানের সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছে দেশটির রেভুলিউশনারি গার্ড। শনিবারের ওই হামলায় এক শিশু ও চার হামলাকারীসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৭০ জন।
রবিবার এক বিবৃতিতে ইরানের রেভুলিউশনারি গার্ড জানায়, এই হামলার পেছনে যারা জড়িত রয়েছে তারা অদূর ভবিষ্যতে প্রাণনাশক ও মার্জনাহীন প্রতিশোধের সম্মুখীন হবে।
ইরানী কর্মকর্তারা হামলার জন্য তাদের উপসাগরীয় প্রতিদ্বন্দ্বী দেশগুলো ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। কর্মকর্তারা অভিযোগ করেছে উপসাগরীয় দেশ ও যুক্তরাষ্ট্র আরব বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র দল আল-আহভাজিয়াকে সমর্থন করেছে। প্রসঙ্গত, শনিবারের হামলার দায় স্বীকার করেছে দলটি।
ইরানের প্রেসিডেন্ট হামলার বিপর্যয়কারী জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে দেশটির সুপ্রিম নেতা হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ওই অঞ্চলে তাদের মিত্রদের সংশ্লিষ্টতার অভিযোগ এনেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, সন্ত্রাসবাদের আঞ্চলিক পৃষ্ঠপোষকরা এই হামলার জন্য দায়ী। তিনি ওইসব পৃষ্ঠপোষকদের মার্কিন কর্তাদের এই হামলার জন্য দায়ী করেন।- আল জাজিরা
ইত্তেফাক/ জেআর
