মিডিয়া যাই বলুক সত্য বলার চেষ্টা করি :ট্রাম্প

আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ০৩:০১
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মিডিয়া যাই বলুক না কেন তিনি সত্য কথা বলার চেষ্টা করেন। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ট্রাম্প এই কথা বলেন। তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থীদের সুযোগ সীমিত করবেন বলেও জানান। তিনি এ সংক্রান্ত আইন কঠোর করতে যাচ্ছেন। তিনি জানান, আক্রান্ত হলে মেক্সিকো সীমান্তে প্রয়োজনে সেনাবাহিনী গুলি চালাতে পারে। আগামী ৬ নভেম্বর কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে তার এই সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর সিএনএনের
 
গত বুধবার এবিসি নিউজের সাংবাদিক জন কারি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন, ‘আমি স্মরণ করতে পারি এবং আপনিও স্মরণ করতে পারবেন যে আপনি নির্বাচনী প্রচারে অনেকগুলো অঙ্গীকার করেছিলেন এবং আপনি কখনো মিথ্যা বলেন না বলে উল্লেখ করেছিলেন। আপনি কী সবসময় অঙ্গীকার রক্ষা করেন এবং সবসময় সত্য কথা বলেন?’ জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভালো, আমি চেষ্টা করি, মানে আমি খুব ভালোভাবে চেষ্টা করি। আমার ধারণা আপনিও চেষ্টা করেন (সাংবাদিককে উদ্দেশ্য করে)। ট্রাম্প বলেন, কিছু বিষয় হয়তো আমার জন্য সবসময় সঠিক না। তবে আমি সবসময় সত্য কথা বলতে চাই। আমি যখনই পারি তখনই সত্য কথা বলি। তবে কিছু সময় হয়তো কিছু বিষয় ঘটে এবং কিছু বিষয়ের পরিবর্তন হতে পারে।
 
এদিকে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি আগামী সপ্তাহে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন যাতে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থীদের নাগরিক হওয়ার সুযোগ সীমিত করা হবে। এই সংক্রান্ত আইন আরো কঠোর করার কথা জানান তিনি। ৬ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের আগে মধ্য আমেরিকা থেকে অভিবাসীরা ছুটে আসছেন। এর প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তিনি বলেন, মেক্সিকো সীমান্তে তিনি সেনাবাহিনী পাঠিয়েছেন। এদের লক্ষ্য করে কেউ যদি পাথর নিক্ষেপ করেন তাহলে সেনাবাহিনী পাল্টা গুলিও চালাতে পারে।
 
ইত্তেফাক/আরকেজি