ফল খাওয়ার সময় নিয়ে যত কুসংস্কার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৬

ফল খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ফলে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজ লবণ ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। আর এই ফল খাওয়া নিয়ে রয়েছে নানা ধরনের ছোটখাটো কুসংস্কার। বেশির ভাগ লোক মনে করেন খালিপেটে ফল খাওয়া উচিত নয়।

আবার অনেকে মনে করেন আহারের সঙ্গে সঙ্গে ফল খাওয়া উচিত নয়। আসলে চিকিৎসা বিজ্ঞানীদের মতে আহারের আগে বা পরে ফল খাওয়ার সঙ্গে কোনো বিরূপ অবস্থা তৈরি হয় না। অনেকে ধারণা করেন খালিপেটে ফল খেলে পাকস্থলীতে গিয়ে ফলের মেটাবলিজম বা বিপাকীয় প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হয় না; কিন্তু বাস্তবে এটা সঠিক নয়। কাঁচা ফল বা পাকা ফল যে কোনো ধরনের ফলই খাওয়া হোক না কেন পাকস্থলীতে ফল কণা প্রবেশের সঙ্গে সঙ্গে পাকস্থলী থেকে নিঃসৃত বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ফলের ক্ষতিকর উপাদান এমনকি জীবাণু পর্যন্ত ধ্বংস করে দেয় এবং যথাযথ মেটাবলিজম শুরু হয়।

তাই খালিপেটে ফল খেলে কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা নেই। তবে যাদের অ্যাসিডিটি আছে তাদের খালিপেটে সাইট্রাস বা লেবু জাতীয় ফল খালি পেটে না খাওয়াই ভালো। এ ছাড়া আহারের পর ভরাপেটে ফল খেলেও কোনো ক্ষতি নেই। আহারের আগে বা পরে অথবা খালিপেটে ফল খাওয়া সম্পূর্ণ নিরাপদ।

লেখক: চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

ইত্তেফাক/এমআর