আলোর ফেরিওয়ালাদের গল্প

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৮

ক্ষুদ্র প্রচেষ্টা, সম্মিলিত প্রয়াস ও সমাজ পরিবর্তনের স্বপ্নীল ভাবনা। এই তিন চিন্তন-চেতনাকে সফল ও সার্থক করে তুলতে একঝাঁক তারুণ্যের স্বপ্ন সারথির অদম্য ইচ্ছা ও মনোবলে প্রতিষ্ঠিত হয় লোটাস বাড চ্যারিটি ফোরাম।

ফোরামটির প্রতিষ্ঠাতা রাকিবুল হাসান পড়াশোনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। নিজেদের হাতখরচ ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রাপ্ত টাকা দিয়ে শুরু হয় প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর মহান প্রচেষ্টা এবং তাদের নিকট সহযোগিতা পৌঁছে দেওয়ার সম্মিলিত কার্যক্রম। তারই ধারাবাহিকতায় সুদীর্ঘ এক যুগ ধরে তারা গ্রহণ করেছে নানাবিধ কার্যক্রম। সম্পন্ন করেছে বহুমুখী কর্মপ্রকল্প।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ‘সামর্থ্য’ নামক দারিদ্র্য বিমোচন প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। এই প্রকল্পের অধীনে ক্ষুদ্র ব্যবসা, বাণিজ্যিকভাবে গৃহপালিত পশু-পাখি লালন-পালন, কৃষির অত্যাধুনিক সরঞ্জামাদি প্রদানসহ নানামুখী কাজেরও ব্যবস্থা করে থাকেন তারা।

এছাড়াও বিনামূল্যে মেডিকেল ক্যাম্পিং, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কাউন্সেলিং, উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, করোনাকালে জরুরি অক্সিজেন সরবরাহ, ট্যালেন্ট হান্ট এক্সামের পাশাপাশি ফোরামটির অঙ্গ-প্রতিষ্ঠান হিসেবে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও মহামূল্যবান রক্তের যোগান দিচ্ছে শতদল পাঠশালা এবং লোটাস-বাড ব্লাড এরেঞ্জ নেটওয়ার্ক। বর্তমানে তাদের এই কার্যক্রমে পাশে দাঁড়িয়েছেন আশেপাশের গুণীজন, সচেতন ব্যক্তি-মহল।

ফোরামটির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বর্তমান সভাপতি রিয়াদ হাসান বলেন, ‘আমাদের ভিশন ২০২৯ সালের মধ্যে এ দেশের সুবিধাবঞ্চিত মানুষদের চূড়ান্ত উত্তরণ। সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন সচেতন নাগরিক তৈরির পাশাপাশি যুগোপযোগী শিক্ষা প্রদান করে বর্তমান মেধাবীদের নিয়ে একটি বৈষম্যহীন, দারিদ্র্য ও কুসংস্কারমুক্ত সমাজ বিনির্মাণ।

ইত্তেফাক/এসটিএম