ফিটনেস সেন্টার থেকে জীবাণু সংক্রমিত হতে পারে!

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৫

জিমন্যাশিয়াম বা ব্যায়ামাগার বা ফিটনেস সেন্টার এবং সুইমিংপুল রোগজীবাণু সংক্রমণের একটি অন্যতম মাধ্যম। শরীর সুস্থতার জন্য জিমে গিয়ে আপনি আক্রান্ত হতে পারেন নানা ক্ষতিকর ভাইরাস, ব্যাকটেরিয়াবাহিত রোগে। তাই জিম নির্বাচনের ক্ষেত্রে এবং জিম ব্যবহারের ক্ষেত্রে হাইজিন বা পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় আনার সুপারিশ করেছেন কানাডার অটোয়ার জীবাণুবিদ জেসন টেট্রো।

গবেষণায় বিশেষজ্ঞগণ দেখতে পেয়েছেন, ফিটনেস সেন্টারের ব্যবহৃত বিভিন্ন উপকরণ ইয়োগম্যাটস, বোতল ও পানির পাত্র থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া সংক্রমণসহ পেটের পীড়া ও বিভিন্ন চর্মরোগ হতে পারে। গবেষণায় দেখা যায়—যদি ফিটনেস সেন্টারে খালি পায়ে গোসল করা বা শাওয়ার নেওয়া হয় তাহলে ভাইরাল ওয়ার্টে আক্রান্ত হবার ঝুঁকি থাকে। ফিটনেস সেন্টার বা জিম ব্যবহারের ক্ষেত্রে জীবাণুবিদ জেসন টেট্রো ছয়টি পরামর্শ দিয়েছেন। পরামর্শগুলো হচ্ছে—জিমে গোসলের সময় খালি পায়ে থাকবেন না। এ ছাড়া জিমে অন্যের ব্যবহৃত ম্যাট, সাবান ও গরম পানি ব্যবহারে সতর্ক হোন। এতে জীবাণু সংক্রমণের ঝুঁকি বেশি।

গরম পানিতে গোসলের সময় পানির তাপমাত্রা ৫৫ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি রাখুন। এতে ব্যাকটেরিয়া মরে যাবে। তবে কম গরম পানিতে গোসল করলে ব্যাকটেরিয়ার প্রজনন বাড়ে। জিমে পেপার টাওয়াল ব্যবহার করুন এবং শেয়ারড ইকুইপমেন্ট ব্যবহারের আগে ভালো করে জীবাণুমুক্ত করে নিন। জিমে ব্যবহৃত টাওয়াল লন্ড্রি ওয়াশ করুন এবং অন্যের ব্যবহৃত টাওয়াল ব্যবহার থেকে বিরত থাকুন। সর্বশেষ ফিটনেস সেন্টার বা জিম স্বাস্থ্য সম্মতভাবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর জীবাণুমুক্ত করা হয় কি না, তা জেনে নিন।

লেখক: চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

ইত্তেফাক/এমআর