অ্যাসপিরিন কখন সেবন করবেন 

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:১১

বিশ্বের লাখ লাখ মানুষ হৃদরোগ প্রতিরোধের জন্য অ্যাসপিরিন সেবন করে থাকেন। আর অ্যাসপিরিন সেবনের ক্ষেত্রে সকালকেই বেছে নেন বেশির ভাগ সেবনকারী। 

কিন্তু সম্প্রতি এক গবেষণায় বিশেষজ্ঞগণ বলছেন, ঘুমানোর আগে বা বেড টাইমে অ্যাসপিরিন সেবনই বেশি উপকারী। বিশেষজ্ঞদের মতে, সকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্য সময়ের চেয়ে তিন গুণ বেশি। আর নিয়মিত স্বল্প মাত্রার অ্যাসপিরিন সেবনের ফলে রক্ত কিছুটা পাতলা হয় এবং রক্তের অণুচক্রিকা বা প্লাটিলেট জমাট বাঁধতে দেয় না। 

নেদারল্যান্ডের লেইডেন ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের এক গবেষণায় পুনরায় হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধের জন্য ২৯০ জন হৃদরোগীকে প্রতিদিন ১০০ মিলিগ্রাম অ্যাসপিরিন সেবন করতে দেওয়া হয়। এসব রোগীর প্রথম তিন মাস সকালে এবং পরবর্তী তিন মাস বেড টাইমে অ্যাসপিরিন সেবন করতে দেওয়া হয়। 

বিশেষজ্ঞগণ দেখতে পান যারা রাতে অ্যাসপিরিন সেবন করেছেন তাদের রক্তে সকালে প্লাটিলেটের সঞ্চালন অনেক হ্রাস পায়। যা হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে সহায়ক।

লেখক: চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

ইত্তেফাক/কেকে