অনেকের অ্যাসিডিটি আছে। পেটে গ্যাস হয়, বুক জ্বালাপোড়া করে। অনেক ক্ষেত্রে বুকে ব্যথা অনুভূত হয়। এ ধরনের সমস্যাকে অনেকে হার্টের সমস্যা মনে করেন। আবার অনেকে গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন করেন।
অনেক ক্ষেত্রে অ্যাসিডিটি হলে তাত্ক্ষণিকভাবে ওষুধ পাওয়া না যেতে পারে। অথবা হাতের কাছে ওষুধ না-ও থাকতে পারে। এসব ক্ষেত্রে তাত্ক্ষণিকভাবে এক গ্লাস পানি পান করলে খানিকটা উপকার পাওয়া যেতে পারে। এ ছাড়া দুধ পানেও উপকার হতে পারে। তবে অ্যাসিডিটি হলে প্রথমে দরকার তাত্ক্ষণিকভাবে অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন করা। এক্ষেত্রে ট্যাবলেটের চেয়ে লিকুইড অ্যান্টাসিড দ্রুত কাজ করে এবং পেটের ব্যথা কমাতে সাহায্য করে। এ ছাড়া ওমিপ্রাজল জাতীয় ওষুধও সেবন করতে পারেন।
যাদের অ্যাসিডিটি হয় তাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে খাবারের দিকে। এক্ষেত্রে অধিক মসলাযুক্ত খাবার আহার না করা ভালো। এ ছাড়া প্রচুর সবজি, ফলমূল এবং কম মসলাযুক্ত খাবার অ্যাসিডিটি লাঘবে সাহায্য করে। যাদের দীর্ঘদিন ধরে অ্যাসিডিটির সমস্যা আছে এবং বুক জ্বালাপোড়া করে তাদের অবশ্যই কোনো সংশ্লিষ্ট চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত। অনেক বিশেষজ্ঞ অ্যাসিডিটির সঠিক কারণ নির্ণয়ে এন্ডোস্কপিসহ অন্যান্য পরীক্ষানিরীক্ষা করিয়ে থাকেন।
লেখক : চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
