এবার বিশ্বকাপটা বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্য চতুর্থ বিশ্বকাপ। তবে এটা তার পঞ্চম বিশ্বকাপও হতে পারতো। মাঝে বিতর্কিতভাবে তাকে বাদ দেওয়া হয়েছিলো ঘরের মাটির ২০১১ বিশ্বকাপে। ফলে একটা বিশ্বকাপ হারিয়ে গেছে তার ক্যারিয়ার থেকে। তারপরও এবার আসরের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় এই মাশরাফি বিন মুর্তজা। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ছাড়া একমাত্র তারই আছে ২০০৩ বিশ্বকাপেও খেলার অভিজ্ঞতা। এই মাশরাফিকে পাকিস্তানের সাবেক সুপার স্টার শোয়েব আখতার বলছেন, এবার বিশ্বকাপের সেরা অধিনায়ক।
মাশরাফির বিশ্বকাপ অভিষেক হয় ২০০৩ সালে। সেবার অবশ্য ইনজুরির কারণে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে আসতে হয়েছিলো। এরপর ২০০৭ বিশ্বকাপ তো ছিলো স্বপ্নের মতো একটা আসর। সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ভারতকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে। ২০১১ বিশ্বকাপে সত্যিই দলের অধিনায়ক থাকার কথা ছিলো মাশরাফির। কিন্তু অনেকের হিসাবেই ফিট হয়ে ওঠা মাশরাফিকে কোনো এক অদ্ভুত কারণে দলে নেওয়া হয়নি। তবে এর প্রতিদান পেয়েছেন মাশরাফি।
২০১৫ সালে তার নেতৃত্বেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপ খেলতে গিয়েছিলো বাংলাদেশ। সেই আসরে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছিলো মাশরাফির বাংলাদেশ। এবার টানা দ্বিতীয় বিশ্বকাপে নিজের দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি। ইতোমধ্যে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল দেশের মাটিতে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। বৈশ্বিক টুর্নামেন্টের মধ্যে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ছাড়াও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ তার নেতৃত্বে।
আরও পড়ুন : শ্রীলঙ্কায় ইমামের বিছানা থেকে ৪৭ তরবারিসহ বহু অস্ত্র উদ্ধার
আর এই সবকিছু বিবেচনায় মাশরাফিকে এবারের বিশ্বকাপে সেরা অধিনায়ক মনে করছেন শোয়েব আখতার। বাংলাদেশ দল মাশরাফির নেতৃত্বে খুব উচ্চাভিলাষী না হলে ভালো ফল পাবে বলে পাকিস্তানি সাবেক এই গতিতারকা মনে করেন। পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে শোয়েব বলেন, ‘এক কথায় ইংল্যান্ড বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি। তবে তাদেরকে বেশি উচ্চাভিলাষী হওয়া যাবে না। তাহলেই তারা বিশ্বকাপে ভালো করবে।’
এসময় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের গভীরতা সম্পর্কে আলাপ করতে গিয়ে রশিদ লতিফ বলেন, ‘২০১৪ সাল থেকেই দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। তারা ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মত দলকে হারিয়েছে ওয়ানডেতে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছিল তারা। বাংলাদেশের ব্যাটসম্যানরা অনেক সুন্দর স্ট্রাইক রোটেট করে খেলতে পারে যেটি তাদের জন্য একটি প্লাস পয়েন্ট।’
ইত্তেফাক/কেআই

