কুলাউড়ায় কিশোরী গণধর্ষণের মূলহোতা শুকুর আলী গ্রেফতার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৯:৪৮

জেলার কুলাউড়ায় সাতজন দুর্বৃত্তের কিশোরী গণধর্ষণের ঘটনার মুলহোতা শুকুর আলীকে (৩৫) ঘটনার ১০ দিন পর গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলার রাজনগর উপজেলার টেংরা বাজার থেকে একটি সিএনজি অটো রিকশায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ঘটনার সঙ্গে জড়িত অপর পাঁচ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুলাউড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, গোপন সংবাদ পেয়ে শুকুর আলীকে বহনকারী সিএনজি অটো রিকশা থেকে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার ২৭ এপ্রিল তাকে আদালতে সোপর্দ করা হবে।

প্রথমে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সিএনজি অটো রিকশা চালক হাসান মিয়াকে (২৫) আটক করে। তার দেওয়া তথ্যে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পুসাইনগর ও জুড়ী উপজেলার ফুলতলা সীমান্ত এলাকা থেকে বিলাল মিয়া (২৫), জাহাঙ্গীর আলম (২৬), সুজন মিয়া (২২) ও সুফিয়ান মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন: অজয় রায়ের জীবন ও আদর্শ নতুন প্রজন্মকে জানাতে হবে: তাসমিমা হোসেন

উল্লেখ্য, ১৫ এপ্রিল সোমবার রাতে পৌর এলাকার ১৭ বছরের এক কিশোরীকে সাতজন দুর্বৃত্ত ধর্ষণ করে এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে কুলাউড়া থানায় শুকুর আলীকে প্রধান আসামী করে সাতজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

ইত্তেফাক/অনি