দুই বার বিবাহিত প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। শুক্রবার মুম্বাইয়ের বান্দ্রায় বিয়ে করেন তারা। বান্দ্রার গ্রিন মিলে বাংলোয় ঘণ্টাব্যাপী তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। বর ও কনের পরিবারের সদস্যদের উপস্থিতিতেই এই বিয়ে হয় বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়। বিদ্যা বালানের এক আত্মীয়ের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবি ও তামিল উভয় রীতিতেই এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠান চলাকালে বিদ্যা বালান তিনবার পোশাক পাল্টান। বরের হলুদ কুর্তা ও গোলাপী পাগড়ির সঙ্গে মিলিয়ে একবার শাড়ি ও গোলাপী ব্লাউজ পরেন তিনি। ৩৪ বছর বয়সি বিদ্যা বালানের এটা প্রথম বিয়ে হলেও স্বামী সিদ্ধার্থ তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন এবার। গত ১২ ডিসেম্বর তাদের গায়ে হলুদ হয়। চেন্নাইয়ে এই নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে বলে এনডিটিভি জানিয়েছে। কেরালার মেয়ে বিদ্যা বালান বড় হয়েছেন মুম্বাইয়ে। ২০০৫ সালে পরিণীতা চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক তার। সে সময়ই দর্শকের নজর কাড়তে সক্ষম হলেও জনপ্রিয়তার তুঙ্গে আসেন এ বছরের আলোচিত ডার্টি পিকচার চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে।
ঝুমা আক্তার
