শ্রীলংকায় আকস্মিক বন্যায় ২৫ জনের প্রাণহানি

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৫২
শ্রীলংকায় আকস্মিক বন্যায় কমপক্ষে ২৫ জনের প্রাণহানি ঘটেছে এবং এতে আড়াই লাখেরও বেশি লোক তাদের ঘর-বাড়িতে আটকা পড়েছে। বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা একথা বলেছেন। শ্রীলংকার ২৫টি প্রশাসনিক জেলার ১৪টিতে প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে এ বর্ষণ হচ্ছে। এতে বিশ্বের প্রধান চা উত্পাদনকারী অঞ্চলগুলোর অন্যতম শ্রীলংকার মধ্যাঞ্চলীয় পার্বত্য এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শ্রীলংকা দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের উপ-পরিচালক শরথ লাল কুমারা বলেন, আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর জানা গেছে এবং আরো ৩৬ জন নিখোঁজ রয়েছে। বন্যার ফলে সৃষ্ট ভূমিধসের কারণে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, বন্যার কারণে আড়াই লাখেরও বেশি লোক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং হাজার হাজার লোক হয় আত্মীয়-স্বজনের বাড়িতে না হয় বিভিন্ন জরুরি আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে। কুমারা এএফপি’কে বলেন, আমরা ১০২টি ত্রাণ কেন্দ্রে পাঁচ হাজারের বেশি পরিবারের প্রায় ১৮ হাজার ৮৪৫ জনকে আশ্রয় দিয়েছি। কর্তৃপক্ষ আরো ভূমিধসের আশংকায় মধ্যাঞ্চলীয় মাতালি জেলাকে দুর্যোগ জোন ঘোষণা করায় সেখান থেকে অনেক লোক সরিয়ে নেয়া হয়েছে।