রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় চলমান সংঘাতের অবসান চায় রাশিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ নয়, দেশটির জনগণকেই প্রাধান্য দেয় রাশিয়া। পুতিন বলেন, সিরিয়ায় জনগণের বিরুদ্ধে যুদ্ধ করে যে কোনো উপায়ে প্রেসিডেন্ট আসাদের ক্ষমতা আঁকড়ে থাকা বা তাকে জোর করে ক্ষমতা থেকে সরানো আমাদের লক্ষ্য নয়। প্রসঙ্গত, রাশিয়া বাশার আল আসাদের প্রধান মিত্র দেশ বলে পরিচিত। খবর সিএনএন ও আল-জাজিরার।
পুতিন গতকাল বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেন, আসাদ এবং তার দলকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নয়, সিরিয়ায় গৃহযুদ্ধ ঠেকাতে এবং আঞ্চলিক সংঘাত প্রতিরোধে আমরা চেষ্টা চালাচ্ছি। ধ্বংস না চালিয়ে জনগণকে সমঝোতা করতে হবে। আসাদ তার আমলে খুব বেশি রাশিয়া সফর করেননি। সিরিয়ার সঙ্গে রাশিয়ার বিশেষ কোনো অর্থনৈতিক সম্পর্কও নেই। রাশিয়া আসাদের ভাগ্য নিয়েও উদ্বিগ্ন নয়। আমরা বুঝতে পারছি, দেশটিতে কী হচ্ছে এবং এও জানি সেখানে আসাদের পরিবার ৪০ বছর ধরে ক্ষমতায় আছেন।
যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের মাধ্যমে সিরিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাব গ্রহণে বাধা দিচ্ছে রাশিয়া এবং চীন। ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। এতে প্রায় ৪০ হাজার নাগরিক প্রাণ হারিয়েছেন।
