ওবামা এবছরেই নতুন অস্ত্র আইন চান

আপডেট : ০১ জানুয়ারি ২০১৩, ২০:২৬
প্রেসিডেন্ট হিসাবে তার জীবনের সবচেয়ে অন্ধকার দিন ছিল কানেক্টিকাটের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে গুলি চালনার ঘটনা। রবিবার এক টিভি চ্যানেলের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে নিজের মুখেই এ কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দ্বিতীয় দফায় কোন কোন বিষয়ে তিনি জোর দিতে চান, এই প্রশ্নের উত্তরে ওবামা বলেন দ্বিতীয় স্যান্ডি হুক তিনি চান না। তাই নতুন অস্ত্র আইন নতুন বছরেই পাস করানোর সবরকম চেষ্টা করবেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার। গত বছর ডিসেম্বরের ১৪ তারিখে অ্যাডাম ল্যানজা নামে একুশ বছরের এক বন্দুকধারী স্যান্ডি হুক স্কুলে এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করে ২০ শিশুসহ ২৮জনকে। এ কারণে ঢিলেঢালা অস্ত্র আইন বদলানোর পক্ষে মত দিলেন ওবামা। তিনি বলেন,বন্দুক বা গুলির ম্যাগজিন কেনার আগে ক্রেতার অতীত অবশ্যই যাচাই করতে হবে। কেননা এটা করতে না পারলে তা আমাদের ভবিষ্যতের জন্য হবে অমঙ্গলজনক। এ ব্যাপারে কয়েকদিন আগে অস্ত্র রাখার অধিকারের অন্যতম দাবিদার ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ) বলেছিল, অস্ত্র বিক্রির কড়াকড়ি নয়, বরং সমস্ত স্কুলে সশস্ত্র গার্ড রাখলে এই ঘটনা এড়ানো যাবে। বন্দুক আটকাতে বন্দুকের উপরই আস্থা রাখতে অবশ্য নারাজ ওবামা। তিনি বলেন, এভাবে স্কুলে আরো বন্দুক ঢুকিয়ে সমস্যার সমাধান কতটা সম্ভব, তা নিয়ে বেশিরভাগ মানুষের মনেই প্রশ্ন আছে। তিনি বলেন,তাই আাামদের এ নিয়ে হাত-পা গুটিয়ে বসে থাকলে চলবে না। অস্ত্র আইন বদলানো দরকার কি না, তা দেখতে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে টাস্কফোর্স তৈরি করা হয়েছে। টাস্কফোর্স তাদের মত জানালে সমাধানের রাস্তা জানানো হবে আমেরিকাবাসীকে। সিদ্ধান্ত নেয়া হবে সকলের মত নিয়েই।