তালেবান আত্মঘাতী দলের প্রধান নিহত

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫০
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের উত্তর-পশ্চিম পার্বত্য এলাকায় রবিবারের মার্কিন ড্রোন হামলায় নিহত ১৭ জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে বলে স্থানীয় একটি টিভি চ্যানেলের খবরে দাবি করা হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছেন তালেবান কমান্ডার ওয়ালি মুহাম্মদ ওরফে তুফান মেহসুদ। সূত্র জানায়, নিহত তুফান মেহসুদ পাকিস্তান তালেবানের আত্মঘাতী দলের প্রধান ছিলেন। উর্দু টিভি চ্যানেল জিও একটি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বলেছে, ধারণা করা হচ্ছে শীর্ষস্থানীয় ওই তালেবান নেতা সেদিনকার মার্কিন ড্রোন হামলায়ই নিহত হয়েছেন। তবে তার মৃত্যুর ব্যাপারে সরকারের তরফ থেকে কিংবা তালেবানের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। ওইদিন দক্ষিণ ওয়াজিরিস্তানের শক্তিশালী তালেবান ঘাঁটি বাবর ঘারে অন্তত পাঁচটি ড্রোন থেকে বিভিন্ন স্থানে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে জঙ্গিদের তিনটি আস্তানা ধ্বংসসহ ১৭ জন নিহত ও ৭ জন আহত হয়। সেদিনের এ ড্রোন হামলা নতুন এই বছরের তৃতীয়বার হামলা। এর আগে ডিসেম্বরেও কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছিল।