বোরো আবাদের জন্য বিদ্যুত্ সংযোগ নিতে গতকাল বুধবার শত শত লোক নেত্রকোনা পল্লী বিদ্যুত্ অফিসে ভিড় জমায়। জড়ো হয়ে তারা বিদ্যুত্ সংযোগের দাবি জানায় এবং অফিস বারান্দায় ও আশপাশে হৈচৈ শুরু করে। এ সময় তারা বিদ্যুত্ সংযোগের জন্য হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন। জানা গেছে, বিদ্যুত্ সংযোগের জন্য প্রায় সাড়ে ৫ শত দরখাস্ত জমা রয়েছে। কিন্তু পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষ দরখাস্তকারীদের সংযোগ দিচ্ছে না। এছাড়া কিছু মধ্যস্বত্বভোগী লোক বিদ্যুত্ সংযোগ নিতে আসা লোকদের নিকট থেকে ‘দ্রুত সংযোগ’ দেবার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে নেত্রকোনা পল্লী বিদ্যুত্ সমিতির জিএম আব্দুর রশিদ বলেন, নতুন সংযোগ নিতে এবং পুরাতন লাইন সংস্কার এবং লাইন স্থানান্তরের জন্য গ্রাহকরা অফিসে ভিড় জমাচ্ছেন। তিনি আরো জানান, নতুন নিয়ম অনুযায়ী এখন ময়মনসিংহ ও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে বিদ্যুত্ সংযোগ দিতে হবে। তাই সংযোগ দিতে কিছুটা সমস্যা হচ্ছে। তিনি আরো বলেন, জেলায় বোরো মৌসুমে যেখানে ২০ মেগাওয়াট বিদ্যুত্ প্রয়োজন, সেখানে পিডিবি দিচ্ছে মাত্র ৭ মেগাওয়াট। এছাড়া রয়েছে লোডশেডিং। এ কারণেই প্রতিবছরের মত এবারও আবেদনকারীদের সকলকে বিদ্যুত্ সংযোগ দেয়া সম্ভব হবে না।
