পৃথিবীর সাথে যোগাযোগ করতে শুরু করেছে উপগ্রহ ন্যারো। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় ৩টা বেজে ২৭ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৮:২৭) আবহাওয়া সংক্রান্ত তথ্য পাঠাতে শুরু করেছে। পর পর দুইবার ব্যর্থ হবার পর এই প্রথম দক্ষিণ কোরিয়া নিজস্ব উদ্যোগে রকেট পাঠিয়ে কক্ষপথে উপগ্রহ স্থাপনে সফল হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির এ উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। ওদিকে উত্তর কোরিয়া মহাকাশে উপগ্রহ স্থাপনে সক্ষম হবার মাত্র কয়েক সপ্তাহ পর দক্ষিণ কোরিয়া তৃতীয়বারের চেষ্টায় রকেট উেক্ষপণ করতে সক্ষম হয়। মূলত প্রযুক্তিগত জটিলতার কারণে আগের দুইবার তারা রকেট উেক্ষপণে অসমর্থ হয়েছিলো। দেশটির প্রেসিডেন্ট লি মিউং বাক একে ‘মহাকাশ বিজ্ঞানের দিকে এগিয়ে যাবার সূচনা’ বলে অভিহিত করেন। তাছাড়া জাতীয় ঐক্য সমুন্নত করতে এই সুবিধাটা আমাদের গ্রহণ করা উচিত বলেও জানান তিনি। অন্যদিকে দক্ষিণ কোরিয়া একেবারে স্থানীয় উদ্যোগে তিনস্তর বিশিষ্ট রকেটের উন্নয়ন সাধনের পরিকল্পনার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড জানান, যুক্তরাষ্ট্র বিয়ষটি পর্যবেক্ষণ করেছে এবং তারা সন্তুষ্ট কারণ এখানে দেশটির কোন সামরিক অভিপ্রায় নেই।
