দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সলোমান আইল্যান্ডের পূর্ব উপকূলে বুধবার ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ভূমিকম্পটির উত্পত্তি সমুদ্রতলের মাত্র ৫ দশমিক ৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির উপকেন্দ্র আইল্যান্ডটির সান্তা ক্রুজ দ্বীপের কাছে বলে জরিপ সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন। এর ফলে প্রায় ৫০টি ঘর-বাড়ি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। সলোমন দ্বীপপুঞ্জে ৫ জন নিহত হয়েছে। বড় ধরনের এই ভূমিকম্পের কারণে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করেছে হাওয়াইয়ের ‘প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র’। বিশেষভাবে সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, নাউরু, পাপুয়া নিউগিনি, টুভালু, নিউ ক্যালেডনিয়া, কোসরে, ফিজি, কিরিবাতি, ওয়ালিস ও ফুতুনা দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতাটি জারি করা হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ দক্ষিণ প্রশান্ত মহাসাগরের জন্য সুনামির ওপর দৃষ্টি রাখার জন্য সতর্কতা জারি করা হয়েছে। তবে, অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, সুনামিটি অস্ট্রেলিয়ার জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না। বাংলাদেশ সময় সকাল ৭টা ১২ তে (১টা ১২ জিএমটি) ভূমিকম্পটি সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
