অর্থনৈতিক মন্দা জর্জরিত ইউরোজোনের অর্থনীতি ২০১৩ সালে আরো সংকুচিত হতে পারে। ২০১৪ সালের আগে অর্থনৈতিক প্রবৃদ্ধি চাঙ্গা হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে ইউরোপীয় কমিশন। ইউরোজোনে অর্থনৈতিক প্রবৃদ্ধি সামান্য বাড়ার যে পূর্বাভাস এর আগে ইউরোপীয় কমিশন দিয়েছিল এবারের এ পূর্বাভাসে সে আশা তিরোহিত হল।
ব্যাংক ঋণের অভাব এবং রেকর্ড বেকারত্বকে অর্থনৈতিক অবস্থা উন্নয়নের পথে প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেছে কমিশন। সর্বসামপ্রতিক হিসাবে কমিশন জানায়, ১৭ জাতি ইউরোজোনের অর্থনীতি ২০১৩ সালে ০ দশমিক ৩ শতাংশ সংকুচিত হবে। তার মানে হচ্ছে, ২০০৯ সালের পর থেকে ইউরোজোনের দেশগুলো দ্বিতীয় আরেকটি অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাবে। আগের পূর্বাভাস ব্যর্থ করে দিয়ে আরো একটি বছর জুড়ে চলবে মন্দা।
ইউরোপীয় কমিশন গত বছরের শেষ দিকে ইউরোজোনে ০ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে এ বছর প্রত্যাশিত এ প্রবৃদ্ধি হবে না বলেই জানাল তারা।
তবে সার্বিকভাবে প্রবৃদ্ধি কমলেও বছরের শেষ তিন মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা বাড়বে বলেও আশা প্রকাশ করেছে কমিশন। ইউরোজোনের দেশগুলোতে সরকারের কৃচ্ছ্র পদক্ষেপই অর্থনৈতিক দুর্দশার বড় কারণ বলে দোষারোপ করে আসছেন অর্থনীতিবিদরা।
