পাকিস্তানে বিরোধী দলগুলোর জোট গঠন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৩
পাকিস্তানের আসছে নির্বাচনে অংশ নিতে জোট গঠন করতে একমত হয়েছে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ), পিএমএল-এফ এবং ন্যাশনাল পিপলস পার্টির নেতারা। এছাড়া আরো অন্যান্য দল তাদের সাথে অন্তর্ভুক্ত করার বিষয়ে মতামত দেন তারা। বর্তমান জোট সরকারের বিরুদ্ধে নির্বাচন করতে প্রতি দল থেকে একজন করে প্রার্থী দেয়ারও কথা জানানো হয়েছে দল তিনটির পক্ষ থেকে।—খবর ডন অনলাইনের। এ লক্ষ্যে গত মঙ্গলবার করাচির কিংগ্রি হাউসে দুই ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করে তিনটি দল। বৈঠকে আলোচনার পর পিএমএল-এন প্রেসিডেন্ট নওয়াজ শরীফ এবং পিএমএল-এফের প্রধান পির পাগারা এক যৌথ বিবৃতিতে তাদের এ সিদ্ধান্তের কথা ঘোষণা করে। আলোচনায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ, বিরোধীদল জাতীয় পরিষদের নেতা চৌধূরী নিসার আলী, সাঈদ গাউস আলী শাহ, সরদার মুমতাজ আলী ভুট্টো এবং পিএমএল-এনের সেলিম জিয়া, পিএমএল-এফের পীর সদরুদ্দিন শাহ রশদি, সাঈদ মুজাফ্ফর হুসেইন শাহ, গুলাম মুস্তফা খার, এম.এ দুররানি ও ইমতিয়াজ আহমেদ শেখ, এনপপি’র গোলাম মুরতজা জাতই এবং মাসরুর জাতই। পিএমএল নেতা নওয়াজ শরীফ বলেন, আমরা সকল বিরোধীদল একত্রিত হবার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া নির্বাচনে নীলনকশা বাস্তবায়নে সকল প্রশাসনিক কর্মকর্তাদের বদলি ও রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া গভর্নরদের পরিবর্তনে নির্বাচন কমিশন এবং সুপ্রিমকোর্টে যাবেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তার গত পাঁচ বছরের শাসনে বেকারত্ব, দারিদ্র্য, আইন-শৃঙ্খলা ও অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।