আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার উত্তর আফ্রিকার অন্যতম দুর্ধর্ষ নেতা আবদেল হামিদ আবু জাইদকে হত্যা করেছে ফরাসি বাহিনী। মালির উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকায় ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে তিনি নিহত হন বলে বৃহস্পতিবার আলজেরিয়ার এনাহার টেলিভিশন জানিয়েছে।
আলজেরীয় সীমান্তবর্তী আদরার দেস ইফোগাস পার্বত্যাঞ্চলে তিনদিন আগে পরিচালিত অভিযানে নিহত ৪০ জঙ্গির মধ্যে আবু জাইদও রয়েছেন বলে এনাহার জানিয়েছে। আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের নির্মূলের ঘোষণা দিয়ে ফরাসি ও চাদের সেনাবাহিনী জঙ্গিদের খোঁজে মালির উত্তরাঞ্চলে অভিযান চালাচ্ছে। তবে এ ব্যাপারে ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্যালেসের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। পাশাপাশি আলজেরীয় সরকার এবং মালি ও চাদের কর্মকর্তারাও আবু জাইদের নিহতের বিষয়টি নিশ্চিত করেনি।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা জাইদের নিহত হওয়ার বিষয়টিকে সত্য বলেই বিবেচনা করছেন এবং এটি আল কায়েদার ইসলামিক মাগরিব (একিউআইএম) এর জন্য একটি বড় আঘাত বলে তিনি মন্তব্য করেছেন। একজন ফরাসি সেনা কর্মকর্তা তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত না করলেও তিগারগারা পার্বত্যাঞ্চলে তীব্র লড়াইয়ে ৪০ জঙ্গির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঐ কর্মকর্তা জানান, অভিযানে ১২শ’ ফরাসি সেনা, চাদের ৮শ’ সেনা এবং মালির সেনাবাহিনীর কিছু সুবিধা নিয়ে এখনো দক্ষিণ তেসালিতের আদরার পার্বত্যাঞ্চলে লড়াই চালিয়ে যাচ্ছে। আবু জাইদকে একিউআইএম এর সবচেয়ে নিষ্ঠুর জঙ্গিনেতা বলে বিবেচনা করা হয়। তিনি আলজেরিয়ার সাবেক মাদক চোরাকারবারী। পরবর্তী সময়ে তথাকথিত জেহাদি হিসাবে আবির্ভূত হন এবং আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত হন।
