ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলায় স্কুলশিক্ষার্থী বহনকারী একটি বাস দুর্ঘটনায় ১১ শিশু নিহত হয়েছে। বাসটির চালকও দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছে। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। জলন্ধর জেলার পুলিশ সুপার রাজিন্দর সিং বলেছেন, ‘৭ শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা গেছে। আর হাসপাতালে নেয়ার পর বাকি ৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চালক নিজেও নিহত হয়েছে। আনুমানিক সকাল ৮টায় (স্থানীয় সময়) দুর্ঘটনাটি ঘটেছে।’ জলন্ধর জেলার গহির গ্রামে মহাসড়কে স্কুলের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনো পরিষ্কার জানা সম্ভব হয়নি।
