ভারতে খাদ্য নিরাপত্তা পরিকল্পনা মন্ত্রিসভায় অনুমোদন

আপডেট : ২১ মার্চ ২০১৩, ২০:৫৩
বিবিসি ভারতের জনসংখ্যার দুই-তৃতীয়াংশের খাদ্যে ভর্তুকি দেয়ার ব্যাপারে একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা মঙ্গলবার অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। খাদ্য নিরাপত্তা বিষয়ক ওই বিলে খাদ্যকে বৈধ অধিকার উল্লেখ করে প্রায় ৮০ কোটি দরিদ্র মানুষকে প্রতিমাসে মাথাপিছু ৫ কেজি চাল দেয়ার প্রস্তাব করা হয়েছে। বিলে প্রতি কেজি চাল ৩ রূপি, গম ২ রূপি এবং ভুট্টা ১ রূপিতে সরবরাহ করার প্রস্তাব দেয়া হয়েছে। ভারতে কোটি কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। অগণিত শিশু অপুষ্টির শিকার হয়। এই প্রকল্প বাস্তবায়নে প্রতিবছর ১ লাখ ৩০ হাজার কোটি রূপির প্রয়োজন হবে। ভারতের খাদ্যমন্ত্রী কেভি থমাস জানিয়েছেন, বিলটি মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় এখন সেটি পার্লামেন্টে যাবে। সেখানে অনুমোদনের জন্য এর ওপর আলোচনা হবে। এই বিলটি ক্ষমতাসীন কংগ্রেসের একটি নির্বাচনী অঙ্গীকার ছিল। এই বিল অনুমোদিত হলে আগামী বছর অনুষ্ঠিতব্য নির্বাচনে কংগ্রেস ভোটের ক্ষেত্রে সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে।