তালেবান নিয়ে আলোচনা করতে দোহায় কারজাই

আপডেট : ০১ এপ্রিল ২০১৩, ২০:৪৭
আফগান যুদ্ধ অবসানে তালেবানের সঙ্গে আলোচনায় বসা এবং দোহায় তালেবানের কার্যালয় খোলার সম্ভাব্যতা যাচাই করতে রবিবার কাতারে পৌছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। কাতারের আমীরের সঙ্গে কারজাই এরই মধ্যে বৈঠক করেছেন বলে জানিয়েছে সরকারি গণমাধ্যম। খবর রয়টার্সের। দোহায় আফগানি-স্তানের দূতাবাস ২ দিনের সফরে কাতারের রাজধানীতে কারজাইয়ের পৌঁছানোর খবর নিশ্চিত করে। তবে তারা তার সফরের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। কাতারের বার্তা সংস্থা কিউএনএ বলেছে, কারজাই কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে বৈঠক করেছেন।এতে উপস্থিত ছিলেন কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানিও। আলোচনার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি কিউএনএ। তবে কারজাই কাতারে যাওয়ার আগে গত সপ্তাহে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় তার এ সফরের ব্যাপারে বলেছিল, “সফরকালে কারজাই শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার পাশাপাশি সরকারের সঙ্গে তালেবানের আলোচনা চালানোর উদ্দেশে কাতারে (তালেবান)কার্যালয় খোলার বিষয়টি নিয়ে আলোচনা করবেন।” ২০১৪ সালে বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ার আগেই তালেবানকে আলোচনার টেবিলে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কাবুল সরকার। আফগান কর্মকর্তাদের সঙ্গে তালেবানের এপর্যন্ত সরাসরি কোনো আলোচনা হয়নি।