আজকের খেলা
ম্যানচেস্টার সিটি-উইগান অ্যাথলেটিক
ওয়েস্টহ্যাম ইউনাইটেড-ম্যানচেস্টার ইউনাইটেড
ফুলহ্যাম-চেলসি
আবার জয়ের ধারায় ফেরা ম্যানচেস্টার ইউনাইটেড এ সপ্তাহেই ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে চার পয়েন্টের ব্যবধানে চলে আসতে পারে যদি আজ বুধবার ওয়েস্টহ্যামে জয় পায়।
ম্যানচেস্টার ইউনাইটেড গত সপ্তাহে নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে নগর প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরে যায়। তবে গত রবিবার স্টোক সিটির বিপক্ষে ২-০ গোলে জিতে রেড ডেভিলরা দ্বিতীয়স্থানে থাকা সিটি থেকে ১৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যায়।
ইউনাইটেড বর্তমানে তাদের ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জয় থেকে সাত পয়েন্ট দূরে অবস্থান করছে। অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা কোচ অ্যালেক্স ফার্গুসনের দলটি আগামী রবিবারই শিরোপা মুঠোবন্দি করতে পারে। সেক্ষেত্রে সিটিকে আজ উইগানের বিপক্ষে এবং আগামী রবিবার টটেনহ্যামের সাথেও হোচট খেতে হবে।
এদিকে ওয়েস্টহ্যাম সফর মোটেও সুখকর নয় ইউনাইটেডের জন্য। সব প্রতিযোগিতা মিলিয়ে আগের সাত সফরে মাত্র তিনটিতে জয় পেয়েছে রেড ডেভিলরা। ইউনাইটেডের জন্য স্বস্তির ব্যাপার হচ্ছে রবিন ফন পার্সি অবশেষে গোলের দেখা পেয়েছেন। স্টোক সিটির আগের দশ ম্যাচে গোলশূন্য ছিলেন পার্সি। স্টোকের বিপক্ষে পার্সি দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল পান।
ফার্গুসন ইউনাইটেডের লড়াকু নৈপুণ্যের প্রশংসা করেছেন। অধিনায়ক নেমানজা ভিডিচ বিশ্বাস করেন আজও এমন ভূমিকা দরকার হবে। সার্বিয়ান এই খেলোয়াড় বলেন, ‘এখন প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম এবং আমাদের আবারো ভাল খেলতে হবে। দলটি স্টোকের ধরনে খেলে থাকে।’
স্টোক সিটির ম্যাচে বিশ্রামে ছিলেন রায়ান গিগস এবং টম ক্লেভারলি। আজ প্রথম একাদশে ফিরতে পারেন এই দুইজন।
বর্তমান চ্যাম্পিয়ন সিটি আজ ইত্তেহাদ স্টেডিয়ামে উইগান অ্যাথলেটিকের মুখোমুখি হবে। আগামী মাসে এফএ কাপের ফাইনালেও মুখোমুখি হবে সিটি-উইগান। ফাইনালের আগে নিজেদের যাচাই করে নেয়ার সুযোগ এসেছে। এফএ কাপের ইতিহাসে এই প্রথম ফাইনালে উঠেছে উইগান। সিটির লক্ষ্য পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থান দখল করা। কারণ আর্সেনাল, চেলসি এবং টটেনহ্যাম এই তিনটি দলেরই সম্ভাবনা রয়েছে দ্বিতীয়স্থানে চলে আসার।
অন্যদিকে উইগানের সামনে ঝুলছে অবনমনের শংকা। দলটি বর্তমানে আছে পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে। হ্যামস্ট্রিং ইনজুরিতে রয়েছেন সিটির স্প্যানিশ ফরোয়ার্ড ডেভিড সিলভা। চেলসির বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালে খেলতে পারেননি তিনি।
রর্বাতো মানচিনি সিলভার ব্যাপারে কোন ঝুঁকি নাও নিতে পারেন। তবে আশার কথা সেমিফাইনালে চেলসির ডেভিভ লুইজকে দুই পা দিয়ে বাজেভাবে ফাউল করায় ফুটবল এসোসিয়েশনের তরফ থেকে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হচ্ছে না সার্জিও অ্যাগুয়েরোকে। ফলে তিনি খেলতে পারবেন।
চেলসি পয়েন্ট টেবিলে তৃতীয় স্থান হারিয়েছে। এফএ কাপের সেমিফাইনালেও হেরেছে তারা। ফুলহ্যামের সাথে আজ তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে যে তাদের পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকতে হবে।
