রক্ত ঝরলো বোস্টন ম্যারাথনে

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২১:১০
শতাব্দী প্রাচীন বোস্টন ম্যারাথনে গত সোমবার ভয়াবহ বোমা হামলায় আট বছরের এক শিশুসহ প্রাণ হারালেন কমপক্ষে তিনজন। আহত হয়েছেন আরো কমপক্ষে ১০০ জন। তবে এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। আমেরিকার স্বাধীনতা সংগ্রামের প্রথম দিনটির কথা স্মরণ করার লক্ষ্যে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এপ্রিলের তৃতীয় সোমবারটি পালন করা হয় প্যাট্রিয়টস ডে হিসেবে। আর এ দিনের অন্যতম আয়োজন হচ্ছে বোস্টন ম্যারাথন। বিশ্বের প্রায় ৯০টি দেশের ২৮ হাজার দৌড়বিদের অংশগ্রহণে এ ম্যারাথনটি এ বছর পালন করছে তার ১১৭তম আসর। তাছাড়া দিনটি সরকারি ছুটির দিন হওয়ায় পুরো শহর জুড়েই ছিল উত্সবের আমেজ। হাজারো শখের দৌড়বিদের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড়ে সাধারণ ছুটি ঘোষিত এই দিনটিতে পুরো শহর জুড়েই ছিল উত্সবের আমেজ। দুই ঘন্টা দশ মিনিট সময় নিয়ে পুরুষ বিভাগে লেলিসা ডেসিসা সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করেন। এরপরে ধীরে ধীরে দৌড় শেষ করছিলেন অন্য প্রতিযোগিরাও। এর প্রায় দুই ঘন্টা পরে ঘটে প্রথম বিস্ফোরণের ঘটনাটি। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠলো প্রায় ৫০ ফুট উঁচু আগুনের শিখা। একটু আগেই দৌড় শেষ করা কানাডার দৌড়বিদ মাইক মিচেল বলেন, ‘আমি পেছনে তাকিয়ে দেখলাম, ভয়াবহ একটি বিস্ফোরণ। মানুষ এদিক ওদিক ছোটাছুটি করছে।’ এর কয়েক সেকেন্ড বাদেই ঘটে দ্বিতীয় বোমা হামলার ঘটনাটি। মুহূর্তেই শুরু হয় মানুষের ছোটাছুটি, হাহাকার। ৭৮ বছর বয়সী আমেরিকান দৌড়বিদ বিল ঘটনার সময় ছিলেন ফিনিশিং লাইনের একদমই কাছাকাছি। ঘটনার ভয়াবহতায় বিহ্বল হয়ে পড়া বিল পড়ে সাংবাদিকদের বলেন, ‘হঠাত্ করে আমার ডান দিকে বিকট একটা শব্দ হল এবং আমার মনে হলো কেউ আমার পা টেনে ধরেছে। আমি পড়ে যাওয়ার ভাবলাম কি হচ্ছে! কিছুক্ষণ বাদে দেখলাম সব ঠিকই আছে কিন্তু আমি কিছু বুঝতে পারছিলাম না।’ নিহত তিনজনের মধ্যে মার্টিন রিচার্ড নামে আট বছরের এক শিশুর পরিচয় জানা গেছে যে দৌড়ের পড়ে তার বাবা বিলকে জড়িয়ে ধরতে অপেক্ষা করছিল। এ ঘটনায় মার্টিনের মা এবং বোনও মারাত্মক আহত হয়েছেন।