আইসিসির পর্যবেক্ষক দল ঢাকায় আসছে আজ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৩, ২১:১০
বিশ্বকাপের ভেন্যু পরিদর্শন করতে আজ ঢাকায় আসছে আইসিসির পর্যবেক্ষক দল। আটদিনের এই সফরে বাংলাদেশের বিশ্বকাপের ভেন্যু পরিদর্শন করবে পর্যবেক্ষক দল। পদির্শনের মূল অংশ হিসেবে থাকবে ভেন্যু সংস্কার, ড্রেসিংরুম, মিডিয়া সেন্টার, ফ্লাড লাইটের কাজের পর্যবেক্ষণ করা। আজ ঢাকায় এসে অবশ্য কাল প্রথম পরিদর্শনে সিলেট যাবে আইসিসির দলটি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ছাড়া সিলেট বিভাগীয় স্টেডিয়ামের কাজ এখনো শেষ হয়নি। জমি বরাদ্দ না পাওয়ায় কক্সবাজার স্টেডিয়ামের কাজও শুরু করতে পারেনি বিসিবি। তবে আশার কথা হচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে কক্সবাজার স্টেডিয়ামের কাজ শুরু হবে। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, জমি বরাদ্দের চিঠি না পেলেও বিসিবি কাজ শুরুর অনুমোদন পেয়েছে। তাই কাল থেকে শুরু করতে চায় কক্সবাজার স্টেডিয়ামের কাজ। সিলেটের পর পর্যবেক্ষক দল মিরপুর পরিদর্শন করবে ২০ এপ্রিল। ২১ এপ্রিল চট্টগ্রাম, ২২ এপ্রিল কক্সবাজার পরিদর্শনের পর ২৩ এপ্রিল মন্ত্রণালয়ের সাথে বৈঠক করবেন তারা। ২৪ এপ্রিল ঢাকা ছাড়বেন তারা। পর্যবেক্ষক দলে থাকবেন ইভেন্ট ম্যানেজার ক্রিস্ট্যাটলি, টুর্নামেন্টের পরিচালক ধীরাজ মালহোত্রা, আইসিসির মিডিয়া ম্যানেজার সামিউল হক খান, আইসিসির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার ক্লাইভ হিচকক, ফিকা থেকে একজন এবং ইএসএস থেকে একজন প্রতিনিধি। উল্লেখ্য, আইসিসির এই পর্যবেক্ষক দল ভেন্যু পরিদর্শনে আরো একবার ঢাকায় আসবেন। সেটিই হবে তাদের চূড়ান্ত পরিদর্শন।