কোথায় যাচ্ছেন নেইমার?

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২২:০২
তাকে মানা হয় ব্রাজিলের প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার। বয়সটাও খুব বেশি নয়; ২১। এখনও খেলে যাচ্ছেন ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবল দল স্যান্তোসে। আর বেশ অনেকদিন ধরেই গুঞ্জন ইউরোপের মাঠে ঘরোয়া ফুটবলে খেলতে যাচ্ছেন তিনি। আর সেটা হতে পারে বার্সেলোনা। আর সেই গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন স্যান্তোসের কোচ মারিও ফিলিপ পেরেজ। জানালেন, নেইমার দস স্যান্তোস বার্সেলোনায় খেলতে প্রস্তুত। তবে, নেইমারের ভাষ্য অনুযায়ী এই মুহূর্তে ব্রাজিল ছাড়ার পরিকল্পনা তার নেই। পেরেজের মতে, এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন নেইমার। আর নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শীঘ্রই কাতালানদের হয়ে দেখা যাবে তাকে। গণমাধ্যমকে এই কোচ বলেন, ‘বার্সেলোনা এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা একটি ক্লাব। আর নেইমারের সেখানে খেলার মতো যথেষ্ট যোগ্যতা আছে। আর আমার মতে, ক্লাবটির হয়ে বেশ ভাল পারফর্ম করতে পারবে।’ আর গত ১৫ মে বার্সেলোনার এজেন্ট অ্যান্ডি কারে জানিয়েছেন, ‘বার্সেলোনার পছন্দের তালিকায় শুরুতেই আছেন নেইমার। সাধারণত বার্সেলোনা খুব বেশি খেলোয়াড়কে দলে নেয় না। তবে, এই মুহূর্তে নেইমার আমাদের প্রথম পছন্দ। সে স্যান্তোস ছাড়া মাত্রই আমরা তাকে দলে নিতে প্রস্তুত।’ আর স্যান্তোস কোচও নেইমারকে ইউরোপে দেখতে উদগ্রীব, ‘নেইমার বার্সেলোনায় যাবে কি যাবে না সেটা তার উপরই ছেড়ে দেয়া ভাল। তবে, তার খেলার ধরন বার্সেলোনার সাথে বেশ মানানসই। সে বেশ ভাল একজন খেলোয়াড়। তার দ্রুততার সাথে পেরে ওঠা কঠিন। নেইমার এখনও অনেক তরুণ। আর সময়ের সাথে সাথে তার মধ্যে পরিপক্কতা বাড়বে।’ তবে, স্যান্তোসের কোচ হিসেবে পেরেজ নেইমারকে নিজের দলেই দেখতে চান, ‘আমি দীর্ঘসময় নেইমারকে নিজের দলে দেখতে চাই। আমাদের মধ্যে বেশ ভাল বন্ধুত্বও আছে। আর তার মতো একজন দায়িত্বশীল খেলোয়াড়কে দলে পাওয়া যে কোন কোচের জন্যই ভাগ্যের ব্যাপার।’ সবাই যখন নেইমারকে ইউরোপে খেলতে দেখতে মরিয়া হয়ে উঠেছেন, ঠিক তখন নেইমার জানালেন ভিন্ন কথা। আগের মতো আবারও জানালেন, স্যান্তোসেই সুখে আছেন তিনি। আর বার্সেলোনার প্রতিও আগ্রহ নন ব্রাজিল জাতীয় ফুটবল দলের এই স্ট্রাইকার, ‘আমি বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে আগ্রহী নই। হয়তো ক্লাবটি ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা; তবে, আমার জন্য স্যান্তোসই ভাল। তাই আমি এই মুহূর্তে ব্রাজিল ছাড়তে চাই না। ইউরোপ যাওয়ার ব্যাপারেও কিছু ভাবছি না।’ সমর্থকদের তাই অপেক্ষায় থাকতেই হচ্ছে!