বেশ সুসময়ের মধ্যদিয়ে যাচ্ছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ক’দিন আগেই বুন্দেসলিগার শিরোপা জয় করেছে ক্লাবটি। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এর মধ্যেই উঠে গেছে সেমিফাইনালে। আর গত মঙ্গলবার তারা উঠলো জার্মান কাপের ফাইনালে। মঙ্গলবার ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনাতে তারা সেমিফাইনালে উলফসবার্গকে ৬-১ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। হ্যাটট্রিক করেছেন স্ট্রাইকার মারিও গোমেজ। আর এই জয়ে বায়ার্নের সামনে সুযোগ এসেছে প্রথম কোন জার্মান দল হিসেবে মৌসুমের তিনটি শিরোপা ঘরে তোলার। প্রথমার্ধে বায়ার্নের হয়ে দু’টি গোল করেন মারিও মানজুকিচ ও অ্যারিয়েন রোবেন। ২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা বায়ার্ন যেন ছিল আরো আক্রমণাত্মক। পাঁচ মিনিটের মধ্যেই শাকিরি দলের তৃতীয় গোল করে সেই ধারাকে আরো এগিয়ে নিয়ে যান। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনো বাকি ছিল। ৮০ মিনিটে শাকিরির পাস থেকে গোমেজ দলকে চতুর্থ গোল উপহার দেন। এরপর বাস্তিয়ান শোয়েইস্টেইগারের কাছ থেকে দারুণ দু’টি পাসে গোমেজ ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় ও তিন মিনিট পরে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
ম্যাচ শেষ শাকিরি বলেছেন, ‘আমরা অবশ্যই ফাইনালে যাবার জন্যই মাঠে নেমেছিলাম। এটা সত্যিই কঠিন যখন সব মনোযোগের কেন্দ্রবিন্দুতে শুধু বার্সেলোনার নামই গত কয়েকদিন শোনা গেছে। কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েই আমরা জয় তুলে নিয়েছি।’ বায়ার্ন কোচ জুপ হেইঙ্কেস বলেছেন, ‘একটু লক্ষ্য করলে দেখা যাবে আমাদের দলে তিনজন শীর্ষসারির স্ট্রাইকার আছে। তবে হ্যাটট্রিক পূর্ণ করায় মারিওর জন্য আমি সত্যিই খুশি।’
