তৃতীয় বিভাগ ফুটবল দলবদল

আপডেট : ১৭ এপ্রিল ২০১৩, ২২:০৪
তৃতীয় বিভাগ ফুটবল লিগ মাঠে গড়াবে মে মাসে। প্রস্তুতি শুরু করেছে তৃতীয় বিভাগ লিগ কমিটি। তারা ২৫ মে’র মধ্যেই খেলাটা মাঠে গড়াতে চায়। এজন্য ২০ এপ্রিল থেকে ১ মে খেলোয়াড় দলবদল। এরপর ২৫ দিন প্রশিক্ষণ নিতে পারবে ক্লাবগুলো। ২০ দল নিয়ে দুই গ্রুপে খেলা হবে। ৫ টি করে দল সুপার লিগে উঠবে। পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দল তৃতীয় বিভাগে খেলবে। প্রত্যেক দলের জন্য অর্থ সহযোগিতা দেবে লিগ কমিটি। সে অর্থ আসবে বাফুফে থেকে। তৃতীয় বিভাগ ফুটবল লিগ কমিটি সম্পাদক মহিদুর রহমান মিরাজ জানিয়েছেন, সালাউদ্দিন ভাই টাকার ব্যবস্থা করে দেন। বাফুফে থেকে না হলেও উনি নিজের পকেট থেকেও টাকা দিয়েছিলেন। আমরা আবারও বাফুফের কাছে টাকা চাইব ক্লাবগুলোর জন্য। হতে পারে প্রতি ক্লাবের ৫০ হাজার টাকা, কিংবা তারও কম।’ ক্লাবগুলোকে প্রস্তুতি নিতে অনুরোধ জানিয়েছেন কর্মকর্তারা। লিগটা সময়মত শেষ করার জন্য উদ্যোগ নিয়েছে নবগঠিত লিগ কমিটি। রাজনৈতিক পরিস্থিতি ভালো না থাকলেও খেলা হবে। দলগুলোকে নিরাপত্তা দিয়ে মাঠে আনা হবে বলে জানিয়েছেন লিগ কমিটির সম্পাদক মিরাজ। ২৯ সদস্যের কমিটিতে চেয়ারম্যান আলীমুজ্জামান আলম, ভাইস চেয়ারম্যান ইসমত তাকির বাবু, বদরুল আলম পটু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, আহাদ বাপ্পী।