বুধবারের ফলাফল
ম্যানচেস্টার সিটি ১ উইগান অ্যাথলেটিক ০
ওয়েস্টহ্যাম ইউনাইটেড ২ ম্যানচেস্টার ইউনাইটেড ২
ফুলহ্যাম ০ চেলসি ৩
রবিন ফন পার্সির সমতাসূচক গোলে গত বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাগতিক ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সাথে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলরা। ফলে প্রিমিয়ার লিগ শিরোপা উত্সব কিছু সময়ের জন্য পিছিয়ে গেল তাদের। কারণ একই রাতে বর্তমান চ্যাম্পিয়ন ও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি কার্লোস তেভেজের গোলে ১-০ ব্যবধানে উইগান অ্যাথলেটিককে হারিয়ে দেয়। অন্যদিকে চেলসি জন টেরির জোড়া গোলে ভর করে স্বাগতিক ফুলহ্যামকে ৩-০ গোলে পরাজিত করে। এই জয়ে পয়েন্ট তালিকায় তিনে উঠে এলো ব্লুজরা।
অ্যালেক্স ফার্গুসনের দল ২-১ গোলে পিছিয়ে ছিল। ৭৭ মিনিটে পার্সি খেলায় সমতা আনেন দারুণ এক গোল উপহার দিয়ে। ফলে একটি পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ইউনাইটেডকে। ওয়েস্টহ্যাম ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে গিয়েছিল ভাজটের গোলে। ৩১ মিনিটে সমতা আনেন ইউনাইটেডের অ্যান্তোনিও ভ্যালেন্সিয়া। মৌসুমে এটা তার প্রথম গোল। ৫৫ মিনিটে আবারো স্বাগতিকরা এগিয়ে যায় সেনেগালের মিডফিল্ডার মোহামেদ দিয়ামির গোলে। ২২ মিনিট পর পার্সি বাঁচিয়ে দেন ইউনাইটেডকে।
ইউনাইটেড জয় তুলে না নিতে পারায় সুবিধা হয়েছে সিটির। ইত্তেহাদ স্টেডিয়ামে তেভেজের গোলে জয় তুলে নিয়ে সিটি আবার এফএ কাপ ফাইনালের প্রতিপক্ষ উইগানের বিপক্ষে নিজেদের যাচাই করে নিতে পেরেছে। বর্তমান চ্যাম্পিয়ন সিটি পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করা ইউনাইটেড থেকে ১৩ পয়েন্টে পিছিয়ে। ২০তম প্রিমিয়ার লিগ শিরোপার কাছেই রয়েছে ইউনাইটেড। আগামী সোমবার পরবর্তী রাউন্ডে অ্যাস্টন ভিলার সাথে জয় পেতে হবে ফার্গুসন বাহিনীর। সেক্ষেত্রে আগামী রবিবার টটেনহ্যামের বিপক্ষে হারতে হবে সিটিকে। তাহলেই শিরোপা মুঠোবন্দী হবে ইউনাইটেডের। ফার্গুসন খেলা শেষে বলেন, ‘আমরা দুইবার পিছিয়ে পড়েছিলাম। কিন্তু আমরা আশা হারাইনি। অগ্রগামিতা অক্ষুণ্ন ছিল। আজ রাতে চ্যাম্পিয়নের মতো খেলেছি আমরা।’
উইগান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে অবনমন অঞ্চলে রয়েছে। কিন্তু দলটি ইতিহাসে এই প্রথম এফএ কাপের ফাইনালে উঠেছে। ফাইনালে প্রতিপক্ষ সিটির বিপক্ষে তারা ভালো লড়াই উপহার দিয়েছে। আর্জেন্টিনার ফরোয়ার্ড তেভেজ ৮৩ মিনিটে সিটির জয়সূচক গোলটি এনে দিয়েছিলেন। সিটির ম্যানেজার রবার্তো মানচিনি বলেন, ‘আমি হতাশ নই। কঠিন ম্যাচ ছিল এটা। তিনদিন আগেই আমরা খেলেছি এবং উইগান ভালো ফুটবল খেলেছে। ক্লান্ত ছিলাম আমরা, তাই প্রথমার্ধে ভালো খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধের শুরুটা অনেক অনেক ভালো হয়েছে। শেষ ২০ মিনিট আমরা ভালোভাবে শেষ করতে পেরেছি।’
এই জয়ে চেলসির পয়েন্ট এখন ৬১। জোড়া গোলের জন্য জন টেরিকে ধন্যবাদ দিতেই পারেন চেলসির অন্তর্বর্তীকালীন ম্যানেজার রাফায়েল বেনিতেজ। চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নদের হয়ে অপর গোলটি এসেছে ডেভিড লুইজের কাছ থেকে। চেলসির হয়ে ১০০তম ম্যাচে গোল পেলেন লুইজ।
চতুর্থ স্থানে থাকা আর্সেনাল থেকে এক পয়েন্টে এগিয়ে চেলসি। টটেনহ্যাম রয়েছে পঞ্চম স্থানে। চেলসি তিন পয়েন্টে এগিয়ে টটেনহ্যাম থেকে। চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য পয়েন্ট টেবিলে শীর্ষ চারে থাকাটা জরুরি।
