লিওনেল মেসির স্বাক্ষর করা পোশাক পেতে ভক্তকুল মরিয়া হয়ে থাকবেন এমনটা স্বাভাবিক। তবে পোপের জন্য ব্যাপারটা অন্যরকমই হওয়ার কথা। ব্যতিক্রম ঘটলো নতুন পোপের ক্ষেত্রে। তিনিও একজন বড় মাপের ফুটবল ভক্ত। গত বুধবার বার্সেলোনার স্ট্রাইকারের স্বাক্ষর সংবলিত জামা ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন পোপ। পোপ ফ্রান্সিস নিজেও আর্জেন্টাইন। চারবারের ব্যালন ডি‘অর জয়ী মেসি স্বদেশী পোপের সম্মানে জামা উপহার দিলেন। ভ্যাটিকান সিটির সূত্রে জানা গেছে জামায় লেখা ছিল ‘অনেক ভালোবাসার সাথে’।
নতুন পোপ এই নিয়ে তিনটি স্মারক জামা গ্রহণ করলেন। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের ক্লাব স্যান লরেঞ্জেও একই স্মারক জামা উপহার দেয় পোপকে। যিনি এই ক্লাবটির ভক্ত ও দীর্ঘদিনের বন্ধু ছিলেন। গত সোমবার স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় স্পেন জাতীয় দলের প্রত্যেক খেলোয়াড়ের স্বাক্ষর সংবলিত একটি জামা উপহার দিয়েছিলেন পোপকে। আর্জেন্টিনার শীর্ষ পাঁচ ক্লাবের একটি লরেঞ্জো। লরেঞ্জো জামাটি পাঠিয়েছিল গত মাসে। জামায় লেখা ছিল, ‘পোপ ফ্রান্সিস প্রার্থনা করুন তার জন্য। আমাদের জন্য প্রার্থনা করুন।’
