বাংলাদেশ গেমসের বাজেট নিয়ে এতো দিন কেউ সঠিক তথ্যটি দেননি। একেকজন ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন। গতকাল আনুষ্ঠানিকভাবে বিওএ’র কর্মকর্তারা জানিয়েছেন কত টাকা ব্যায় হবে। বিওএ’র মহাসচিব সাহেদ রেজা জানিয়েছেন, গেমসের মোট বাজেট ২১ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান আর সমাপনীতেই ব্যয় হবে আট কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানেই ব্যয় হবে সিংহভাগ অর্থ। জৌলুসপূর্ণ অনুষ্ঠান করতে গিয়ে বিরাট অংকের অর্থ ঢালতে হচ্ছে। সমাপনীতে তেমন কিছু নেই বলে জানালো বিওএ। মশাল নেভানে, পতাকা নেমে যাওয়া আর পাঁচ মিনিটের আতশবাজী পুড়িয়ে শেষ হবে গেমস। গেমসে উপলক্ষে গতকাল দুপুরে বিওএ অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মহাসচিব সাহেদ রেজা বলেন, ‘আমি পজিটিভ মানুষ। পজিটিভ কিছু বিশ্বাস করি। নেগেটিভ নই।’
সংবাদ সম্মলনের পরে অসময়ে গেমস প্রসঙ্গে মহাসচিবকে বলা হলে পাশে থাকা উপ মহাসচিব আশিকুর রহমান মিকু বলেন, ‘দীর্ঘদিন গেমস হয়নি আমরা বন্ধ্যাত্ম ঘুচালাম।’ বাংলাদেশ গেমসের মশাল আজ থেকে জ্বলবে। স্মৃতিসৌধ থেকে মশাল প্রজ্বলন করা হবে। সেখান থেকে বনানী আর্মি স্টেডিয়ামে পৌঁছাবে মশাল।
