কোয়ার্টার ফাইনালে জোকোভিচ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৩, ২১:৪৩
রাফায়েল নাদাল ও জো উইলফ্রেড ত-সঙ্গার পরে মন্টে কার্লো মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জোকোভিচও। তবে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারে। গোড়ালির ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় অনেকটা আনফিট অবস্থাতেই কোর্টে নামতে হয় জোকোভিচকে। তাই ম্যাচ জয়ের ব্যাপারে কিছুটা শঙ্কিতই ছিলেন তিনিও। কোর্টেও ইনজুরির প্রভাবটা বেশ স্পষ্ট ভাবেই ফুটে উঠলো। চতুর্দশ বাছাই আর্জেন্টিনার হুয়ান মোনাকোর কাছে প্রথম সেটটি হেরেও বসেন এই সার্বিয়ান। ৬-৪ গেমে প্রথম সেট জিতে ম্যাচে লিড নেন মোনাকো। তবে এরপরই নিজের স্বভাব সুলভ লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে ঘুড়ে দাঁড়ান জোকোভিচ। পরের দুই সেটে দেখা গেল একেবারেই ভিন্ন এক জোকোভিচকে। নিজের দক্ষতা আর শক্তিমত্তা দিয়ে প্রতিপক্ষকে কোনঠাসা করে ফেলেন তিনি। ফলে শেষ দুই সেটে ‘নাম্বার ওয়ানের’ কাছে ৬-২ ও ৬-২ গেমে হার মানতে হয় মোনাকোকে। কঠিন এক লড়াইয়ের পরে তবেই নিশ্চিত হল কোয়ার্টার ফাইনাল। তাই ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার জন্য এটা খুবই কঠিন এক ম্যাচ ছিলো। আমি জানতাম না কোর্টে কি অবস্থা হবে। কারণ আমি সকাল থেকে ভালো অনুভব করছিলাম না। এ কারণেই হয়তো প্রথম সেটটি হারতে হয় আমাকে। তবে শেষ দুই সেটে ভালোভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছি এবং ম্যাচও জিতেছি। ক্লে কোর্টে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ভালো একটি জয় পেয়েছি। পায়ের ব্যথাটাও কমেছে। সবমিলিয়ে এখন ভালোই অনুভব করছি।’ শেষ আটে ফিনল্যান্ডের অবাছাই খেলোয়াড় জারকো নিয়েমিনের মুখোমুখি হবেন জোকোভিচ। টমাচ বার্ডিচের পর মন্ট্রে কার্লো টেনিস টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে অঘটনের শিকার হয়েছেন মারে। ১৩তম বাছাই সুইজারল্যান্ডের স্তানিসলাস ওয়াওরিঙ্কার কাছে সরাসরি সেটে হেরে গেছেন এই স্কটিশ। ম্যাচে প্রতিপক্ষের বিপক্ষে প্রতিরোধই গড়তে পারেননি মারে। পুরো ম্যাচেই নিজের কর্তৃত্ব বজায় রেখেই দাপটের সাথেই ম্যাচ জিতে নিয়েছেন ওয়াওরিঙ্কা। ৬-১ ও ৬-২ গেমে তৃতীয় রাউন্ডের ম্যাচ জিতে শেষ আটের টিকিট পান এই সুইস। ম্যাচ জয়ের পর উচ্ছ্বসিত ওয়াওরিঙ্কা বলেন, ‘ম্যাচে পুরো ফেভারিটই ছিল মারে। আমি ভাবিনি ম্যাচটি এত সহজে জিতবো। তবে ম্যাচটি জিততে পেরে এখন দারুণ লাগছে। আশা করছি পরের ম্যাচগুলোতেও ভালো করতে পারবো।’ কোয়ার্টার ফাইনালে ওয়াওরিঙ্কা মুখোমুখি হবেন ফ্রান্সের জো-উইলফ্রাইড ত-সঙ্গার। বাসস।