বার্সেলোনা লা লিগা শিরোপা পুনরুদ্ধারের পথে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে । আর সেই পথকে আরো পরিষ্কার করার লক্ষ্য নিয়ে শনিবার লা-লিগায় নিজেদের ৩২তম ম্যাচ খেলতে নামছে টিটো ভিলানোভার শিষ্যরা। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ লেভান্তে। নূ ক্যাম্পে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে খেলাটি। একই দিন মাঠে নামছে আরেক বড় ক্লাব রিয়াল মাদ্রিদও। স্যান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল বেটিসের বিপক্ষে রাত ১০টায় খেলতে নামবে রিয়াল।
এল’ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর লা-লিগায় শেষ পাঁচ ম্যাচে দারুণ সময় পার করেছে বার্সেলোনা। সেল্টা ভিগোর সাথে ড্র করলেও অন্য চারটি ম্যাচে দাপুটে জয়ই তুলে নিয়েছে ক্যাটালানরা। ফলে শিরোপা জয়ের পথে বেশ শক্তপোক্তভাবেই টিকে থাকে তারা। কারণ দ্বিতীয়স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সাথে তাদের পয়েন্টের ব্যবধান এখন ১৩। ফলে শিরোপার জয়ের পথে বেশ খানিকটা পথই এগিয়ে আছে বার্সেলোনা। সেই পথে বার্সেলোনার সামনে আরেকটি বাধা এখন লেভান্তে। তাই লেভান্তের বিপক্ষেও জয় তুলে নিয়ে শিরোপা জয়ের পথটা আরো পরিষ্কার করতে চাইছে মেসি-ভিয়া-সানচেজরা। কারণ আর তিনটি ম্যাচ জিততে পারলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সার। তাই লেভান্তের বিপক্ষে জিতে মাথা থেকে ভারটা কমাতে চাইছেন দলের স্প্যানিশ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো তেল্লো। আগের ম্যাচে রিয়াল জারাগোজার বিপক্ষে দুই গোল করা তেল্লো বলেন, ‘শিরোপার খুব কাছেই পৌঁছে গেছি আমরা। কিন্তু এখনও পরীক্ষার অনেক কিছুই বাকী আছে আমাদের। কারণ শেষদিকে এসে আমাদের উপর শিরোপা জয়ের চাপটা অনেক বেশি এখন। তাই খুব সতর্কও আমরা বাকী ম্যাচগুলো নিয়ে। লেভান্তের বিপক্ষে জিততে পারলে আরও একধাপ সামনে এগিয়ে যাবো আমরা।’
লেভান্তের বিপক্ষে কাগজে কলমে শক্তিশালী বার্সেলোনাই। কিন্তু সেই হিসাব আমলে আনতে নারাজ তেল্লো। বেশ সতর্কতার সাথেই এ ম্যাচে খেলতে চান তারা। কারণ দলের মধ্যে ইনজুরির দুশ্চিন্তাটা এখন প্রখরই। তাই টেল্লো বলেন, ‘প্রথম পর্বে লেভান্তের বিপক্ষে বেশ সহজইে জয় পেয়েছি আমরা। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। শিরোপা জয়ের শেষপ্রান্তে আমরা। সেই সাথে সেরা একাদশ নিয়ে মাঠে নামা নিয়ে সংশয়ও রয়েছে। কারণ অনেকেই ইনজুরিতে রয়েছে। তাই সবকিছু বিবেচনায় এনে সতর্কতার সাথে মাঠে নিজেদের সেরাটা খেলতে চাই।’
মৌসুমের শুরু থেকেই ইনজুরি বেশ ভোগাচ্ছে বার্সেলোনাকে। কার্লেস পুয়োল, ডেভিড ভিয়া ও আন্দ্রেস ইনিয়েস্তার ইনজুরিতে ভুগতে হয়েছে বার্সা শিবিরকে। এবার সেই তালিকায় যোগ হয়েছেন দলের সেরা তারকা ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে ইতোমধ্যে দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। তবে লেভান্তের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় রয়েছে। ৩১ খেলায় ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে বার্সেলোনা। আর সমানসংখ্যক ম্যাচে অংশ নিয়ে ৪০ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের ১২তম স্থানে রয়েছে লেভান্তে।
নিজেদের ম্যাচ নিয়ে বার্সেলোনা যতটা উত্তেজিত, ঠিক উল্টো অবস্থায় রয়েছে রিয়াল মাদ্রিদ। কারণ শিরোপা জয়ের আশা অনেক আগেই ছেড়ে দিয়েছে তারা। তাই শিরোপার কথা চিন্তা না করে ভালোভাবে লিগটা শেষ করতে মুখিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। সেই লক্ষ্য নিয়ে নিজেদের চেনা পরিবেশে ৩২তম ম্যাচ খেলতে নামছে হোসে মরিনহোর শিষ্যরা। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল বেটিস। তাই কিছুটা হলেও এ ম্যাচে অনেক বেশি সতর্ক রিয়াল মাদ্রিদ। কারণ প্রথম পর্বে রিয়াল বেটিসের কাছে ১-০ গোলে হেরেছিল রোনালদো-মারিয়া-বেনজামারা। তাই সেই হারের প্রতিশোধ নিতেই ম্যাচে নিজেদের সবটুকু উজাড় করে দিতে চায় গতবারের চ্যাম্পিয়নরা। তাই রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচ নিয়ে জাভি আলোনসো বলেন, ‘শিরোপার সম্ভাবনা আমাদের নেই। তারপরও ভালোভাবে লিগ শেষ করাই এখন মূল লক্ষ্য আমাদের। তবে রিয়াল বেটিসের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবো আমরা। কারণ প্রথম পর্বে হেরেছিলাম। তাই প্রতিশোধ নেয়ার লক্ষ্য নিয়েই খেলতে নামবে রিয়াল।’ এবারের লা-লিগায় এখন পর্যন্ত ৩১ ম্যাচে অংশ নিয়ে ৬৮ পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াল। আর সমানসংখ্যক ম্যাচে ৪৮ পয়েন্ট অ্যাকাউন্টে নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে রিয়াল বেটিস। বাসস
আজকের ম্যাচ
গ্রানাডা রিয়াল ভ্যালাডোলিড
রিয়াল মাদ্রিদ রিয়াল বেটিস
বার্সেলোনা লেভান্তে
ভ্যালেন্সিয়া মালাগা
